ক্রোয়েশিয়া দলে মৃত্যুমুখ থেকে ফেরা ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকভ ফিলিপোভিচ
জাকভ ফিলিপোভিচ

চার বছর আগের কথা। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল জাকভ ফিলিপোভিচের। ফুটবল খেলা দূরে থাক, চলার শক্তিই হারিয়ে ফেলেছিলেন। শরীরের বাঁ দিকটা হয়ে গিয়েছিল অবশ। পরে হৃদ্‌যন্ত্রের সমস্যাও ধরা পড়ে। করাতে হয় অস্ত্রোপচার। সব মিলিয়ে ফুটবল থেকে অনেক দূরেই চলে যেতে হয়েছিল ক্রোয়েশিয়ার এই খেলোয়াড়কে। সেই ফিলিপোভিচই ফিরেছেন ক্রোয়েশিয়া জাতীয় দলে।
হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচারের পর ডাক্তার ফিলিপোভিচকে দিয়েছিলেন ফুটবলে ফেরার শুভ সংবাদ। ২৪ বছর বয়সী এই ফুটবলার ক্রোয়াট লিগে খেলছেন জাপরেসিচের হয়ে। দলটির হয়ে চলতি মৌসুমে ১৮ ম্যাচ খেলে দুটি গোল করা ফিলিপোভিচ ক্রোয়েশিয়া দলে নিয়েছে চায়না কাপ টুর্নামেন্টের জন্য। চীনে প্রতিযোগিতাটি হবে আগামী ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। চীন আর ক্রোয়েশিয়া ছাড়া এতে অংশ নেবে কোপা আমেরিকা জয়ী চিলি আর আইসল্যান্ডও।
চার বছর আগে জাতীয় দলে খেলার অপেক্ষায় ছিলেন জাকভ। কিন্তু অসুস্থতার কারণে তার সেই স্বপ্ন অপূর্ণই থেকে যেতে বসেছিল। সবকিছু ঠিক থাকলে সেই স্বপ্ন পূরণ হতে পারে এবার। ১১ জানুয়ারি চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি শুরু করবে ক্রোয়েশিয়া। হয়তো এদিনই দেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেন ফিলিপোভিচ। সূত্র: গোল ডটকম।