ক্রোয়েশিয়ার আছে এক মডরিচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত সব খেলোয়াড় আর প্রাণপ্রাচুর্যে ভরা দুটি দল। কাগজে-কলমে ম্যাচটা বেশ আকর্ষণীয় হয়ে ওঠার প্রতিশ্রুতিই দিচ্ছিল। কিন্তু তুরস্ক-ক্রোয়েশিয়া ম্যাচটি মেটাতে পারল না দর্শকের প্রত্যাশা। তবে ম্যাচের ঘাটতি যেটুকু ছিল, কাল সেটি পূরণ হয়ে গেছে মুহূর্তের ব্যক্তিগত ঝলকে। দুর্দান্ত এক ভলিতে পার্ক দো প্রিন্সেসকে বিমোহিত করেছেন লুকা মডরিচ। আর তাতেই ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া ফিরেছে জয় নিয়ে (১-০)।
২০০৮ ইউরোর কোয়ার্টার ফাইনালে নাটকীয়তায় ঠাসা ম্যাচে তুরস্কের কাছেই টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল ক্রোয়াটদের। প্রতিশোধের তাড়না থেকেই হয়তো, কাল শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ল ক্রোয়েশিয়া।
স্মরণীয় মুহূর্তটা এল ম্যাচের ৪২ মিনিটে। বক্সে ভেসে আসা বল হেড করে দূরে পাঠিয়ে দিতে চেয়েছিলেন তুরস্কের সেলচুক ইনান। কিন্তু সেটি গিয়ে পড়ল ২৫ গজ দূরে আগুয়ান মডরিচের পায়ে। বলটা মাটিতে পড়ার আগেই মডরিচের ডান পায়ের পাতার দুর্দান্ত ভলি। যার গন্তব্য গোলপোস্ট না হলে বড় বেমানান হতো।
দিনের দ্বিতীয় ম্যাচে আরকাদিয়াজ মিলিকের গোলে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়েছে পোল্যান্ড (১–০)। ইউরোতে নিজেদের ইতিহাসে প্রথম জয় পেল পোল্যান্ড। এর আগে ২০০৮ ও ২০১২ ইউরোতে ছয় ম্যাচের তিনটিতে ড্র করেছিল পোলিশরা, বাকি তিনটিতে হেরেছে। বিবিসি।