ক্লপ কি সত্যিই বিশ্বসেরা কোচ?
পিতসো মোসাইমানের নাম শুনেছেন? আফ্রিকার বাইরের মানুষ হলে না শোনাই স্বাভাবিক। কিংবা জর্জ জেসুস? ফিফা সম্ভবত তাঁকেও চেনে না—মন্তব্য করা হয়েছে গোল ডট কমের প্রতিবেদনে।
তার কারণ এবার ফিফা ‘বেস্ট’ বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা দুজনের জায়গা হয়নি। কাল রাতে ফিফা ‘বেস্ট’ কোচের পুরস্কার জিতেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
বায়ার্ন মিউনিখ কোচ হ্যান্স ফ্লিকের ‘ট্রেবল’ জয়ের গৌরবকে পেছনে ফেলে ক্লপের মুখে শেষ হাসি এঁকেছেন ভোট দেওয়া সমর্থক, সংবাদকর্মী, জাতীয় দলের অধিনায়ক ও কোচেরা।
লিভারপুলকে ৩০ বছর পর গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতিয়েছেন ক্লপ। ওদিকে ফ্লিক বায়ার্নকে জিতিয়েছেন বুন্দেসলিগা, চ্যাম্পিয়নস লিগ ও জার্মান কাপ।
অনেকের কাছে তাই মনে হতে পারে ‘ট্রেবল’ জয়ের চেয়ে হয়তো প্রিমিয়ার লিগ শিরোপার ওজন বেশি! এর পাশাপাশি ফুটবল যে ইউরোপের বাইরেও খেলা হয় এবং সেসব জায়গাতেও যে ভালো মানের কোচ আছেন—তা বোধ হয় ভুলতে বসেছে ফিফা।
অস্বীকার করার উপায় নেই, ইউরোপ ফুটবলের মোক্ষধাম। সেখানকার মাঠে টাকা ওড়ে, ক্লাবগুলো যেমন বিশ্বমানের তেমনি কোচ ও খেলোয়াড়েরাও। কিন্তু ফিফা কি শুধুই ইউরোপিয়ান ফুটবলের? সংস্থাটির স্লোগান ‘ফর দ্য গেম, ফর দ্য ওয়ার্ল্ড’।
মোসাইমানে ও জেসুসকে ছেঁটে এই স্লোগানের প্রতি ফিফা কতটুকু সুবিচার করেছে?
দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদি সানডাউনস কোচের দায়িত্ব গত সেপ্টেম্বরে ছেড়ে দেন মোসাইমানি। ৫৬ বছর বয়সী এ কোচকে ধরা হয় দক্ষিণ আফ্রিকান ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল কোচ।
মামেলোদির হয়ে সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন তিনি। ক্লাবটির হয়ে সেটি তাঁর পঞ্চম শিরোপা। টানা ২২ সপ্তাহ কাইজার চিফস টেবিলের শীর্ষে থাকলেও লিগের শেষ দিনে চরম নাটকীয়ভাবে মামেলোদিকে শিরোপা জিতিয়েছেন মোসাইমানি।
ইংল্যান্ডে এফএ কাপের সমতুল্য নেডব্যাংক কাপও গত মৌসুমে জেতেন তিনি। এর সঙ্গে যোগ হবে দক্ষিণ আফ্রিকান ফুটবলের শীর্ষ ১৬ দলের টুর্নামেন্ট টেলকম নকআউট শিরোপা। প্রায় একই ধরনের ট্রেবল গত বছর জিতেছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।
হ্যাঁ, দক্ষিণ আফ্রিকান ফুটবলের মান অবশ্যই ইউরোপের ধারেকাছেও নেই। কিন্তু মোসাইমানির কোচিংয়ের গতিপথ এবং সাফল্য তাঁর প্রতি শ্রদ্ধা বাড়াবেই।
দক্ষিণ আফ্রিকা ছাড়ার পর মোসাইমানির পরের গন্তব্য হয় মিসর। সেখানকার ফুটবলে বেশির ভাগ ক্লাব ইউরোপিয়ান কোচদের প্রতি আগ্রহী।
কিন্তু মোসাইমানির অন্য ধাতে গড়া মানুষ বলেই তাঁকে কোচ পদে বসায় মিসর ফুটবলে সবচেয়ে সফল ক্লাব আল–আহলি। এরপর আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী জামালেককে হারিয়ে নবম মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দেন মোসাইমানি।
এর পাশাপাশি জিতে নেন প্রিমিয়ার লিগ ও কাপ শিরোপা। ২০১৯–২০ মৌসুমে মিসর প্রিমিয়ার লিগের ১৮টি দলে মোট ৫০বার কোচ পাল্টানো হয়। কিন্তু মোসাইমানি এর মধ্যে সাফল্য পেয়েছেন।
অর্থাৎ এক বছরের মধ্যে দুটি দলের হয়ে তিনি জিতেছেন মোট ছয় শিরোপা—যার মধ্যে পাঁচ শিরোপা জয় সরাসরি তাঁর কোচিংয়ে। এমন সাফল্য কি আর কারও আছে?
হ্যাঁ, আছে একজনের।
মিসরের চেয়েও দ্রুততম সময়ের মধ্যে কোচ ছাঁটাইয়ের প্রথা চলে আসছে ব্রাজিলিয়ান ফুটবলে। জর্জ জেসুস গত মৌসুমে পা রাখেন সেখানে। পর্তুগালের এই খ্যাতনামা কোচের ব্রাজিলিয়ান ফুটবলে যোগ দেওয়াটা অনেকের কাছে অস্বাভাবিক লাগতেই পারে।
২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে বেনফিকা কোচ হিসেবে দুর্দান্ত সাফল্য পেয়েছেন জেসুস। এই কোচই যোগ দেন ব্রাজিলিয়ান ফুটবলে ফেলে আসা সোনালি সময় খুঁজে ফেরা ফ্লামেঙ্গোয়।
দলটি ১৯৮১ সালের পর থেকে জিততে পারেনি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা (কোপা লিবার্তোদোরেস) ও ২০০৯ সালের পর থেকে সিরি আ শিরোপারও দেখা পায়নি। এমন দলের কোচ হওয়া, তা–ও আবার ব্রাজিলের কোচ ছাঁটাইয়ের সংস্কৃতিতে—বেশ ঝুঁকিই ছিল জেসুসের জন্য।
এক বছর পার হওয়ার আগেই ফ্লামেঙ্গো ছাড়েন জেসুস। ফ্লামেঙ্গোর সঙ্গে তাঁর কথায় মিল পড়েনি। তার আগে ছয় টুর্নামেন্টে অংশ নিয়ে রেখে যান পাঁচ শিরোপা।
ফ্লামেঙ্গোর ১২৫ বছরের ইতিহাসে দ্বিতীয় সফল কোচ বনে যান জেসুস। এই পথে ১৯৬২ সালে পেলের সান্তোসের পর ফ্লামেঙ্গোকে প্রথম দল হিসেবে লিগ, লিবার্তোদোরেস ও রাজ্য চ্যাম্পিয়নশিপ জেতান ৬৬ বছর বয়সী এই পর্তুগিজ।
শুধু একটা ট্রফি–ই জিততে পারেননি—ফিফা ক্লাব বিশ্বকাপ। গত ডিসেম্বরে হেরে যান ক্লপের লিভারপুলের কাছে।
ব্রাজিলিয়ান কোনো দলের প্রথম বিদেশি কোচ হিসেবে আন্তর্জাতিক শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে দিয়েছিলেন জেসুস। দ্বিতীয় ইউরোপিয়ান কোচ হিসেবে জিতেছেন লাতিন ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপা।
দক্ষিণ আমেরিকার বাইরে জন্ম নেওয়া প্রথম কোচ হিসেবে দলকে জিতিয়েছেন ব্রাজিলিয়ান লিগ। কোভিড মহামারি শুরুর পর আবারও বেনফিকায় ফিরে যান জেসুস, যেখানে তাঁর বদলি হয়ে আসা কোচ ডমেনেক টরেন্ট টিকেছেন মাত্র চার মাস।
তাহলে আল–আহলি, সানডাউনস কিংবা ফ্লামেঙ্গো কি ফিফার প্রত্যাশিত মানসম্পন্ন দল নয়? কোন বিবেচনায় এসব সাফল্য উপেক্ষা করে ‘বেস্ট’ পুরস্কারের জন্য কোচের সংক্ষিপ্ত তালিকা করা হলো?
অনেকে বলতে পারেন, আফ্রিকান চ্যাম্পিয়নস লিগ দেরিতে শেষ হওয়ায় মোসাইমানিকে বিবেচনা করা হয়নি। তাহলে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে রোনালদোর হ্যাটট্রিক বিবেচনায় নিতে ফিফা যে এর আগে ব্যালন ডি’অর–এর সময়সীমা বাড়িয়েছিল?
বায়ার্নের ট্রেবল বিবেচনায় যেতে পারলে আল–আহলি কিংবা ফ্লামেঙ্গোর ট্রেবল কেন বিবেচনায় আসবে না? প্রশ্ন আরও আছে। ৩০ বছর পর লিভারপুলের প্রিমিয়ার লিগ জয় যদি এতই গুরুত্বপূর্ণ হয়, তাহলে ৩৮ বছর পর ফ্লামেঙ্গোর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জয় কি নস্যি?
‘বেস্ট’ কোচের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মার্সেলো বিয়েলসা। লিডস ইউনাইটেডকে ইংলিশ প্রিমিয়ার লিগে তুলে আনার কারিগর।
কথা হলো, আর্জেন্টাইন কোচ লিডসকে সেখানে ফিরিয়েছেন, যেখানে থাকাটা তাদের জন্য এত দিন প্রত্যাশিত ছিল। তেমনি লিভারপুলের প্রিমিয়ার লিগ জেতাও।
অ্যানফিল্ডের ক্লাবটি ইংল্যান্ডে সেরাদের কাতারে থাকবে সেটাই তো প্রত্যাশিত। সে ক্ষেত্রে বায়ার্নের হয়ে ফ্লিকের ট্রেবল জয়ের মহিমা কিন্তু লিভারপুল কোচ ক্লপের ওই অর্জনের চেয়েও এগিয়ে।
তাই অনেকের কাছেই হান্সি ফ্লিক, মোসাইমানি ও জেসুস গত এক বছরে বিশ্বের সেরা কোচ। সাফল্য বিচারে তাঁদের যেকোনো ক্রম অনুযায়ী সাজাতে পারেন।
কিন্তু ফিফা ‘বেস্ট’ বর্ষসেরা কোচের পুরস্কারে তার ছাপ দেখা গেল কি?