ক্লপ দেখালেন, প্রতিশ্রুতি কীভাবে রাখতে হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরম আরাধ্য শিরোপা এসেছে, ক্লপের হাসি তো প্রাণখোলা হবেই! ছবি : টুইটার
পরম আরাধ্য শিরোপা এসেছে, ক্লপের হাসি তো প্রাণখোলা হবেই! ছবি : টুইটার
>

লিভারপুলের শিরোপাখরা কাটানোর জন্য চার বছর সময় চেয়েছিলেন কোচ ইউর্গেন ক্লপ। চার বছর পূর্ণ হওয়ার আগেই উপহার দিলেন ক্লাব ফুটবলের সবচেয়ে বড় শিরোপাটি।

২০১৫ সালে ব্রেন্ডান রজার্সকে হটিয়ে যখন জার্মান কোচ ইউর্গেন ক্লপকে ম্যানেজার করে আনল লিভারপুল, তখনই কথাটা বলেছিলেন ক্লপ।

নতুন কোচকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সংবাদ সম্মেলন ডেকেছিল লিভারপুল। সেই সংবাদ সম্মেলনেই ক্লপ বলেছিলেন নিজের প্রতিশ্রুতির কথা। ভাঙাচোরা লিভারপুল দলটাকে ঠিকঠাক করে শিরোপাজয়ী হিসেবে গড়ে তোলার জন্য অন্তত চার বছর লাগবে তাঁর। লিভারপুলের সমর্থকদের অধৈর্য না হতে অনুরোধ করে এই চার বছর সময় চেয়ে নিয়েছিলেন ক্লপ। ‘চার বছরে লিভারপুলকে কিছু না জেতাতে পারলে বাক্স-পেটরা গুছিয়ে সুইজারল্যান্ডের কোনো ক্লাব ম্যানেজ করার জন্য চলে যাব!’—হাসতে হাসতে সেদিন বলেছিলেন জার্মান কোচ।

কী কাকতালীয়ভাবেই না মিলে গেল ক্লপের কথা! ক্লপের প্রতিশ্রুতি অনুযায়ী চার বছর শেষ হওয়ার কথা এই ২০১৯ সালের অক্টোবরে। প্রতিশ্রুত সময়ের মাস চারেক আগেই লিভারপুলকে ভাসালেন চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দে! গত শনিবার টটেনহামকে ২-০ গোলে হারিয়ে ক্লপ-যুগে প্রথম শিরোপা জিতেছে লিভারপুল। ঘুচল লিভারপুলের ৭ বছরের শিরোপাখরা, সেটিও ইউরোপের ক্লাব ফুটবলে সবচেয়ে বড় শিরোপা দিয়েই! ক্লপের উচ্ছ্বাসটাও হয়েছে দেখার মতো। যাক, লিভারপুলের ছেড়ে তাঁকে সুইজারল্যান্ডে যেতে হচ্ছে না—এই খুশিটাও কী ছিল?
নাহ, সেটি মজা করেই বলা। এবার চ্যাম্পিয়নস লিগ না জিতলেও যে ক্লপের চাকরি নিয়ে টানাটানির কোনো শঙ্কাই ছিল না। ঘুমিয়ে পড়া লিভারপুলকে ইউরোপে আবার পাওয়ারহাউজ বানিয়েছেন, লিভারপুলকে আবার করে তুলেছেন লিগ-চ্যাম্পিয়নস লিগে অন্যতম শিরোপাপ্রত্যাশী—চার বছর আগেও যে লিভারপুল ভক্তদের কাছে এ স্বপ্নই ছিল!

তবে শিরোপা জয়ের জন্য হয়তো এত সময় লাগত না ক্লপের। এই চার বছরে দলকে আরও তিনবার ফাইনালে তুলেছিলেন তিনি। প্রথম মৌসুমে তিন মাস পর এসেই ইউরোপা লিগ ও ইংলিশ লিগ কাপের ফাইনালে তুলেছিলেন দলকে, গত মৌসুমে নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। ইউরোপা লিগের ফাইনালে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে সেভিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে তিন গোল খেয়ে শিরোপা-স্বপ্ন বিসর্জন দেয় লিভারপুল। ইংলিশ লিগ কাপের পেনাল্টিতে হেরে বসে ম্যানচেস্টার সিটির কাছে। আর গতবার তো রিয়াল মাদ্রিদের কাছেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরে বসল ৩-১ গোলে। এবার মাত্র এক পয়েন্টের জন্য ইংলিশ লিগের শিরোপাও হাতছাড়া করেছে তারা, নিজেদের ইতিহাসের শ্রেষ্ঠতম লিগ মৌসুম কাটানোর পরেও। ভাগ্য যেন সঙ্গই দিচ্ছিল না ক্লপের। না হয় ভেবে দেখুন, ফাইনালে গিয়ে প্রত্যেকবার একটুর জন্য শিরোপা হারের বেদনাটা না থাকলে চার বছরে ক্লপের দেখানোর মতো শিরোপা থাকত পাঁচটি!

গতবার রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ৩-১ গোলে হারার ঠিক পরদিন স্থানীয় এক পানশালায় লিভারপুল ভক্তদের সঙ্গে নেচে গেয়ে আনন্দ করেছিলেন ক্লপ। সমর্থকদের সঙ্গে নেচে নেচে গানে গানে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘উই উইল ব্রিং ইট ব্যাক টু লিভারপুল!’ তখন সেই ভিডিওটা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ 'ভাইরাল' হয়েছিল। প্রতিপক্ষ সমর্থকেরা ঠাট্টা করেছিল, ক্লপের কথা বিশ্বাস করেনি কেউই।
কিন্তু ক্লপ জানতেন কীভাবে প্রতিশ্রুতি রক্ষা করতে হয়। আর কী অসাধারণভাবেই না সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন তিনি!