অ্যালেক্স ফার্গুসনের চাওয়াটা পূর্ণতা পেলে হয়তো এখন থাকতেন ম্যানচেস্টার ইউনাইটেডে। চেলসির সাবেক মিডফিল্ডার ক্রেইগ বার্লি কিছুদিন আগে বলেছিলেন, মরিনহোকে ছাঁটাই করে তাঁকেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের কোচ করা হোক। হয়নি কোনোটিই, ইয়ুর্গেন ক্লপ যোগ দিয়েছেন লিভারপুলে। অলরেডদের ডাগ-আউটে ক্লপ-যুগের সূচনাও হয়ে যাচ্ছে আজ টটেনহামের মাঠে।
আন্তর্জাতিক ম্যাচের বিরতির পর প্রিমিয়ার লিগে আজ লিভারপুলের পাশাপাশি মাঠে নামছে অন্য বড় দলগুলোও। ঘরের মাঠে অ্যাস্টন ভিলার সঙ্গে খেলবে চেলসি। সর্বশেষ ম্যাচে আর্সেনালের কাছে বড় হারের ক্ষত নিয়েই আজ এভারটনের মাঠে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর নবাগত বোর্নমাউথকে আতিথ্য দিচ্ছে সিলভা-আগুয়েরোবিহীন ম্যানচেস্টার সিটি। অন্য ম্যাচে ওয়ার্টফোডের মাঠে নামবে আর্সেনাল।
ব্রেন্ডন রজার্সের জায়গায় লিভারপুলে আসার পর থেকেই অ্যানফিল্ড ক্লপ–জ্বরে আক্রান্ত। এসেই যদিও দলে স্থিতি আনার জন্য সময় চেয়ে নিয়েছেন, তবু আজ প্রথম ম্যাচ থেকেই হয়তো সবাই কোনো বদল খুঁজবে ‘ক্লপের লিভারপুলে’। পরিবর্তনের ইঙ্গিতও দিচ্ছেন এই ক্যারিশমাটিক জার্মান, তবে আপাতত সেটা শুধু খেলোয়াড়দের মননে, ‘কিছু জিনিসে ত্বরিত বদল আনা যায়—মানসিকতা, ইচ্ছা। একটা দলে সমন্বয় আনতে সময় লাগে। ওদের চোখে সাহস আর খেলার মজাটাই দেখতে চাই আমি। চাই মাঠে যা করছে সেটা যেন ওরা উপভোগ করে।’
প্রথম পরীক্ষার আগে অবশ্য দুঃসংবাদই শুনতে হয়েছে সাবেক বরুসিয়া ডর্টমুন্ড কোচকে। চোট সম্ভাব্য পুরো মৌসুমের জন্য কেড়ে নিয়েছে জো গোমেজ ও ড্যানি ইংসকে। এখনো সেরে উঠতে পারেননি হেন্ডারসন, ফিরমিনো, বেনটেকেরা। যদিও অতীত দিতে পারে প্রেরণা—লিগে সর্বশেষ পাঁচ ম্যাচেই যে স্পারদের হারিয়েছে লিভারপুল। আজ ক্লপ জিতলে কেটে যাবে একটা গেরোও, ১৯৯৮-তে জেরার্ড হুলিয়েরের পর আর কোনো লিভারপুল কোচই যে নিজের প্রথম ম্যাচে জয় পাননি।
অ্যাস্টন ভিলা ম্যাচে আজ দুঃসহ চাপ নিয়ে নামবেন চেলসি কোচ হোসে মরিনহো। চ্যাম্পিয়নরা এ মৌসুমে আট ম্যাচে জিতেছে মাত্র দুটিতে, লিগে অবস্থান ১৬! মাঠে হতশ্রী পারফরম্যান্সের সঙ্গে যোগ হয়েছে মরিনহোর ওপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের জরিমানার চাপ, দলে অন্তর্দ্বন্দ্বের গুঞ্জনও আছে। লিগে সর্বশেষ ম্যাচে সাউদাম্পটনের কাছে হেরে রেফারির সমালোচনা করায় মরিনহোকে ৫০ হাজার পাউন্ড জরিমানা করেছে এফএ। কিন্তু চেলসি কোচ এটিকে বলছেন ‘লজ্জাজনক’। হাস্যরসে উড়িয়ে দিয়েছেন দলে বিভেদের গুঞ্জনও। দলের পারফরম্যান্স নিয়ে শঙ্কাটাও নিশ্চয়ই উড়িয়ে দিতে চাইবেন মরিনহো। এএফপি, ইএসপিএন।