ক্লপ লিভারপুলেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ুর্গেন ক্লপ
ইয়ুর্গেন ক্লপ

প্রশ্নটা ছিল, ‘কে? ইয়ুর্গেন ক্লপ, না কার্লো আনচেলত্তি?’ লিভারপুল-ভক্তদের প্রশ্নের উত্তরটা দু-তিন দিন আগেই দিয়ে দিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম—ইয়ুর্গেন ক্লপই হচ্ছেন ব্রেন্ডন রজার্সের উত্তরসূরি। এরপর শুরু হলো প্রতীক্ষা—কবে? গতকাল মিলল সেটিরও উত্তর।
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিশ্বাসযোগ্য ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবর, তিন বছরের জন্য কাল লিভারপুলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক বরুসিয়া ডর্টমুন্ড কোচ। তাঁর বার্ষিক বেতন প্রায় ৫০ লাখ পাউন্ড। ‘অলরেড’দের কোচ হিসেবে ক্লপকে আজই পরিচয় করিয়ে দেওয়া হবে সংবাদমাধ্যমের সামনে।
গত রোববার এভারটনের সঙ্গে লিভারপুল ১-১ গোলে ড্র করার পরই বরখাস্ত হন কোচ ব্রেন্ডন রজার্স। তিন বছর দায়িত্বে থেকেও লিভারপুলকে কোনো শিরোপা এনে দিতে পারেননি এই আইরিশ কোচ।
লিভারপুলের প্রথম জার্মান কোচ ক্লপ এই প্রথম জার্মানির বাইরে কোনো ক্লাবের দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে মেইনজ ও বরুসিয়া ডর্টমুন্ডের দায়িত্বে ছিলেন ৪৮ বছর বয়সী ক্যারিশমাটিক কোচ।
তবে ইউরোপ তাঁকে চিনেছে ডর্টমুন্ডের হয়ে দুর্দান্ত অর্জনের জন্য। বায়ার্ন মিউনিখের রাজত্ব ভেঙে ২০১১-১২ ও ১২-১৩ মৌসুমের বুন্দেসলিগা জিতেছেন। ২০১৩ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও নিয়ে গিয়েছিলেন দলকে। আর ‘গেগেনপ্রেসিং’য়ে দুর্দান্ত ডর্টমুন্ড তো ইউরোপজুড়েই ফুটবল দর্শক ও বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছে। বিবিসি, স্কাই স্পোর্টস।