ক্লপকে নিয়ে উদ্বিগ্ন ফার্গি!
ইয়ুর্গেন ক্লপকে যে ম্যানচেস্টার ইউনাইটেডে চেয়েছিলেন, সেটা কিছুদিন আগেই স্বীকার করেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। তখন ডর্টমুন্ডে ভালোই দিন কাটছে ক্লপের, ফার্গিকে তাই ফিরিয়ে দিয়েছিলেন। দুই বছর পর সেই ক্লপ ইংল্যান্ডে এলেন, কিন্তু প্রতিদ্বন্দ্বী লিভারপুলের কোচ হয়ে। যাঁর হাত ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের মহিরুহ হয়ে ওঠা, সেই ফার্গুসন তাই একটু উদ্বিগ্নই হয়ে পড়ছেন এই ভেবে যে ক্লপ হয়তো ফিরিয়ে আনতে পারেন লিভারপুলের হারানো গৌরব। জার্মান কোচকে নিয়ে ফার্গুসনের মুগ্ধতা এখনো আছে।
ব্রেন্ডন রজার্সের জায়গায় তিন দিন আগে লিভারপুলের দায়িত্ব নিয়েছেন ক্লপ। অলরেডদের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারবেন কি না সেটা বলে দেবে সময়। তবে ফার্গির এই প্রশংসাপত্র তাঁকে একটু বাড়তি প্রেরণাই দেবে, ‘ভালো একটা নিয়োগ হয়েছে, আমি ওকে পছন্দ করি। জেনেভায় ফিফা কোচদের ক্লাসেই ওকে জানার সুযোগ হয়েছে আমার। খুবই শক্ত মানসিকতার। একরোখা ও দৃঢ়প্রতিজ্ঞ। ডর্টমুন্ডে ওর ক্যারিয়ার খুবই দ্রুত এগিয়েছে, আমার মনে হয় সে ভালোই করবে।’ কথাগুলো বলতে ফার্গির যে একটু ‘কষ্ট’ হয়েছে, সেটা নিয়েও রসিকতা করলেন, ‘লিভারপুলের কারও জন্য এসব বলতে ভালো লাগার কথা নয়, আমি তো একটু দুশ্চিন্তাতেই পড়ে গেছি! তবে সে ভালোই করবে।’
শুভকামনা জানিয়েও একটা ব্যাপারে ক্লপকে ফার্গি একটু সতর্কই করে দিয়েছেন। লিভারপুলে যোগ দেওয়ার আগে ক্লপ দলবদলে নিজের সর্বময় ক্ষমতা চেয়েছিলেন। শেষ পর্যন্ত ঠিক হয়েছে একটা দলবদল ‘কমিটির’ সঙ্গে লিভারপুলের নতুন কোচ কাজ করবেন। এটি নিয়ে ফার্গুসনের একটু খচখচানি আছে, ‘আপনি যদি ম্যানেজারের ওপর আস্থাই না রাখতে পারেন, তাহলে তাকে রাখা কেন? সে কী রকম খেলোয়াড় চায়, কোন পজিশনে চায়, এসব তো তাকেই ঠিক করতে হবে। কোচ হিসেবে সে কী চায় সেটা তো তার চেয়ে ভালো কেউ বলতে পারবে না। এটুকু আস্থা তো তার ওপর রাখতেই হবে। এটা ভুল, আমার মনে হয় না ক্লপ ব্যাপারটা মেনে নেবে।’ ইএসপিএন।