ইংল্যান্ডে আসার এক বছর পূর্তি হলো কদিন আগে। তবে এখনো ইংলিশ ধ্যানধারণার সঙ্গে পুরো খাপ খাইয়ে নিতে পারেননি ইয়ুর্গেন ক্লপ। এই তো, প্রিমিয়ার লিগের সূচিতে নতুন পরিবর্তন নিয়ে নিজের ক্ষোভ ঝেড়েছেন ৪৮ বছর বয়সী জার্মান। নতুন সূচি অনুযায়ী, ডিসেম্বর-জানুয়ারির বড়দিন ও নববর্ষ উৎসবের সময়টাতে ম্যানচেস্টার সিটি ও সান্ডারল্যান্ডের সঙ্গে দুটি ম্যাচের মধ্যে লিভারপুল সময় পাবে মাত্র ৪৮ ঘণ্টা। এ নিয়েই ক্ষুব্ধ ক্লপ, ‘এমনটা চললে কীভাবে দলকে প্রস্তুত করব? দুদিন পর সান্ডারল্যান্ডের সঙ্গে ম্যাচ বলে আমরা কি সিটির সঙ্গে ৫০ শতাংশ খেলব?’ ওই সময়টায় ইউরোপের অন্য সব লিগ বন্ধ থাকে, সেদিকে ইঙ্গিত করে ইংল্যান্ড জাতীয় দলকে একটা খোঁচাও মেরেছেন ক্লপ, ‘সবাই বলে ইংল্যান্ড কেন বড় টুর্নামেন্টে ভালো করতে পারে না। দেখুন, অন্য বড় দলগুলো কী করে এই সময়? ওরা এই সময় সোফায় পা এলিয়ে বসে ইংলিশ ফুটবল দেখে।’ গোলডটকম।