ক্লপের চাওয়া আর চারটি জয়

চ্যাম্পিয়নস লিগে যাওয়ার আশা যেন আবার জিইয়ে উঠেছে ক্লপেরছবি : রয়টার্স

স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকানতারার গোলের পর যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন ক্লপ।

একে তো মৌসুম শেষে লিগের শীর্ষ চারে থাকা হবে কি না, তা নিয়ে টানাটানি, এর মধ্যে যদি একের পর এক পয়েন্ট হারায় দল, তা কি ভালো লাগে? ক্লপেরও ভালো লাগার কথা না। লিগে সর্বশেষ দুই ম্যাচেই এগিয়ে গিয়েও শেষ ১০ মিনিটে গোল খেয়ে ড্র করেছিল ইয়ুর্গেন ক্লপের দল। প্রথমে লিডসের দিয়েগো ইয়োরেন্তে, পরে নিউক্যাসলের জো উইলোক—দুই ম্যাচে এ দুজনের কাছেই শেষ মুহূর্তে গোল খেয়ে মোট ৪ পয়েন্ট হারিয়েছে ক্লপের দল। গতকাল তাই সাদিও মানে গোল করে প্রথমে দলকে এগিয়ে দিলেও কোনোভাবেই স্বস্তি পাচ্ছিলেন না ক্লপ। থিয়াগোর গোলে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে জার্মান এই কোচের।

লিভারপুলের জার্সি গায়ে প্রথম গোল পেয়েছেন থিয়াগো
ছবি : রয়টার্স

শিরোপা রক্ষার আশা বহু আগেই শেষ। আশা এখন শীর্ষ চারে থেকে পরের মৌসুমে অন্তত চ্যাম্পিয়ন লিগ খেলার লাইসেন্সটা পাওয়ার। দুই ম্যাচ ড্র করার পর অবশেষে ম্যাচ জিতে চ্যাম্পিয়নস লিগে যাওয়ার আশা যেন আবার জিইয়ে উঠেছে ক্লপের। তবে ক্লপ খুব ভালো করেই জানেন, গোটা মৌসুমে বাজে খেলার খেসারত হিসেবে এই শেষ পর্যায়ে এসে বাকি ম্যাচগুলো না জিতলে চ্যাম্পিয়নস লিগে যাওয়ার আশা মাটিচাপা দিতে হবে, ‘আমি জানি না (আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে লিভারপুল জায়গা করে নিতে পারবে কি না), তবে আমাদের জিততেই হবে। আমরা যদি বাকি চার ম্যাচ জিতি, তাহলে হয়তো হবে।’

হাতে চার ম্যাচ। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ম্যাচের সময়ে ইউনাইটেড–ভক্তরা তাদের মালিকপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করতে চলে আসে ওল্ড ট্রাফোর্ডে, ফলে সেই ম্যাচটা স্থগিত হয়েছে। হবে এই সপ্তাহে। ফলে চার ম্যাচ হবেও খুব কম সময়ের মধ্যে। অবসর সময়ও বেশি নেই, নেই দম ফেলার ফুরসত। কাজটা স্বাভাবিকের চেয়েও কঠিন লিভারপুলের জন্য, এটা জানেন ক্লপ, ‘আমাদের হাতে এখন এই একটা সুযোগই বাকি আছে। কাজটা কঠিন নিঃসন্দেহে, কিন্তু আমরা যে করেই হোক চার ম্যাচ জেতার চেষ্টা করে যাব। খুবই কম সময়ের ব্যবধানে আমরা চার ম্যাচ খেলতে নামব। দেখা যাক, কী করতে পারি।’

দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন এক গোল করেছেন থিয়াগো
ছবি : রয়টার্স

থিয়াগো শেষ মুহূর্তের গোলটা যে ক্লপকে কত স্বস্তি দিয়েছে, সেটাও ফুটে উঠেছে এই জার্মান কোচের কথায়। তবে ক্লপ এটাও বেশ ভালো করে জানেন, শীর্ষ চারে ওঠার জন্য শুধু নিজেদের চার ম্যাচ জিতলেই হবে না, বরং তিন-চারে থাকা চেলসি ও বিশেষ করে লেস্টার সিটিকেও পয়েন্ট হারাতে হবে, ‘টানা দুই ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছি। তাই দ্বিতীয় গোলটা আমাদের কাছে অনেক বড় স্বস্তি হয়ে এসেছে। শীর্ষ চারের আশা? এখনো বেঁচে আছে, এতটুকুই বলব। এ কথার সঙ্গে অতি আত্মবিশ্বাসের কোনো সম্পর্ক নেই, কারণ অন্যান্য দল আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে। আমাদের শুধু বাকি ম্যাচগুলো জিততে হবে, যেটা কি না অনেক কঠিন কাজ।’

লেস্টার সেদিন নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগে খেলার আশাটা আরেকটু বাড়িয়ে দিয়েছে যেন। ফেব্রুয়ারির শেষ থেকেই তেমন ফর্মে নেই লিভারপুলের সাবেক কোচ ব্রেন্ডান রজার্সের বর্তমান দল। হেরেছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ওয়েস্ট হাম ও নিউক্যাসলের বিপক্ষে, ড্র করে পয়েন্ট হারিয়েছে বার্নলি ও সাউদাম্পটনের সঙ্গে। ক্লপ তাই হয়তো চাতক পাখির মতো চেয়ে থাকবেন, রজার্সের দল যেন আরও পয়েন্ট হারায়!

কোচ ক্লপের কথা অনুযায়ী মৌসুমের শেষে এসে এখন সালাহ-মানে-ফিরমিনো-জোতারা জ্বলে উঠলেই হয়।