ক্লপের প্রথম, না পেলেগ্রিনির 'শেষ'?
একটা ম্যাচ, একটা শিরোপা। এর সঙ্গে জড়িয়ে আছে দুই দলের কোচের দুটি ভিন্ন অনুভূতির গল্প। লিগ কাপের ফাইনালে ওয়েম্বলি আজ কার গল্প শুনবে—ইয়ুর্গেন ক্লপ, না ম্যানুয়েল পেলেগ্রিনির?
গত অক্টোবরে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর থেকে নতুন স্বপ্ন দেখিয়ে আসছেন ক্লপ। জার্মান কোচ সুযোগ পাচ্ছেন স্বপ্নটাকে সমর্থকদের চোখে এঁকে দেওয়ার। অন্যদিকে আগামী মে মাসের পরই ম্যানচেস্টার সিটির ডাগ-আউট ছেড়ে দিচ্ছেন পেলেগ্রিনি। চিলিয়ান কোচও হয়তো বিদায়ের আগে ‘শেষ’ একটা ট্রফি দিয়ে যেতে চাইবেন সিটিজেনদের।
শেষ? এখনো তো প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতারও সুযোগ আছে সিটির! তবে এই শিরোপা দুটি অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপর ঝুলে আছে। তুলনায় লিগ কাপটা নিশ্বাস-দূরত্বে, ৯০ মিনিট দূর থেকে হাতছানি দিচ্ছে পেলেগ্রিনির দলকে।
এই প্রথম কোনো কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। দুই কোচই সেরা একাদশ নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়ে রেখেছেন। প্রেরণাটা লিভারপুলেরই বেশি, সর্বশেষ সাক্ষাতে ৪-১ গোলে যে জিতেছিল তারা। ‘অলরেড’ কোচ ক্লপ এবারও জয়ের জন্য লোভাতুর। দায়িত্ব নেওয়ার প্রথম দিনে সমর্থকদের বিশ্বাসী হতে বলেছিলেন, সেই প্রসঙ্গ টেনে বললেন, ‘যদি আমরা জিতি, তাহলে সবাই বিশ্বাসী হয়ে উঠবে। আর যদি না জিতি, তাহলে আবার সংশয়বাদী হয়ে পড়বে।’
সিটি কোচ পেলেগ্রিনির অবশ্য লিগ আর চ্যাম্পিয়নস লিগ নিয়েই চিন্তাটা বেশি। শুধু জয়ের প্রতিজ্ঞাটাই জানাতে পারছেন, ‘আমরা রোববার ফাইনালে জিততে চাই। জিতলে লিগের দিকে মনোযোগ দেওয়া সহজ হবে।’
দেখা যাক, শেষ পর্যন্ত কে জেতে? রোমাঞ্চিত ক্লপ, না ধৈর্যশীল পেলেগ্রিনি? ডেইলি মেইল।