ক্লপের শুরুতে শেষ মরিনহোর?

‘তোমার হলো শুরু, আমার হলো সারা।’
ম্যাচ শেষে হোসে মরিনহো কি মনে মনে এই কথাটাই বলছিলেন ইয়ুর্গেন ক্লপকে? অনেক অপেক্ষার পর লিভারপুলের হয়ে লিগে প্রথম জয় পেয়েছেন ক্লপ। সেই জয়টাই কি বিদায়ঘণ্টা বাজিয়ে দেবে মরিনহোর? উত্তরটা জানার জন্য মনে হয় না খুব বেশি অপেক্ষা করতে হবে। লিভারপুলের কাছে ৩-১ গোলে হারের পর চেলসি কোচের ভবিষ্যৎটাই তো এখন টলোমলো।
লিভারপুলের হয়ে ম্যাচটার আগেই প্রচণ্ড চাপে ছিলেন মরিনহো। দল হারের কানাগলিতে ঘুরে ঘুরে মরছে, কিন্তু তিনি পথ দেখাতে পারছেন না। উল্টো এই ম্যাচের আগেই বারবার দাবি করলেন, একদমই চাপে নেই। কিন্তু চেলসির খেলা দেখে মনে হয়েছে, সেই চাপটাই কাল শ্বাসরোধ করেছে খেলোয়াড়দের।
স্টামফোর্ড ব্রিজে স্বাগতিকেরা অবশ্য দারুণ শুরুই করেছিল। ৪ মিনিটেই রামিরেসের হেডে এগিয়ে যায় চেলসি। মনে হচ্ছিল, লিভারপুলের হয়ে ক্লপের প্রথম জয়ের অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হবে। কিন্তু প্রথমার্ধের শেষ বাঁশি বাজার ঠিক আগে হতভম্ব স্টামফোর্ড ব্রিজ। বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে সমতা আনেন ফিলিপে কুতিনহো।
বিরতির পর আবার কুতিনহো-জাদু। ৭৪ মিনিটে লিভারপুলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার নিজের দ্বিতীয় গোলের জন্য জন টেরিকে ধন্যবাদ দিতেই পারেন। তাঁর ডান পায়ের শট চেলসি ডিফেন্ডারের গায়ে লেগেই ঢুকে যায় জালে। এরপর মরিনহোর যা একটু আশা বেঁচে ছিল, সেটাও ৮৩ মিনিটে শেষ করে দিয়েছেন ক্রিস্টিয়ান বেনটেকে। বদলি হিসেবে নেমে গোল করে চেলসির কফিনে ঠুকে দিয়েছেন শেষ পেরেক।
এ নিয়ে লিগে ১১ ম্যাচের ছয়টিতেই হারল চেলসি। মরিনহোও এক মৌসুমে চেলসির হয়ে কখনো এর চেয়ে বেশি ম্যাচ হারেননি। সংবাদ সম্মেলনে অবশ্য দাবি করলেন, চেলসির হয়ে এটাই শেষ ম্যাচ নয়। তবে স্বভাবসুলভভাবে অজুহাত খুঁজেছেন, ‘খেলোয়াড়েরা ক্লান্ত ছিল। সেটা ওদের দেখেই বোঝা যাচ্ছিল। আমার তো মনে হয় খেলাটা ৫০-৫০-ই ছিল।’
অজুহাত তো মরিনহো দিয়েই যাচ্ছেন, কিন্তু চেলসি মালিক রোমান আব্রামোভিচ কি ‘স্পেশাল ওয়ান’কে আরেকটা সুযোগ দেবেন? স্টার স্পোর্টস।