ক্লান্তি ক্ষমা করছে না বার্সাকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসে ১৭টি ম্যাচ। হিসাব করলে গড়ে প্রায় তিন দিন পরপর খেলা! সঙ্গে ‘বোনাস’ হিসেবে এই ভেন্যু-সেই ভেন্যু ভ্রমণের ক্লান্তি তো আছেই। বার্সেলোনার খেলায় কি এর প্রভাব পড়তে শুরু করেছে কিছুটা?
গত পরশু লিগে লাস পালমাস ম্যাচের পর প্রশ্নটা নতুন করে উঠেছে। লুইস সুয়ারেজ ও নেইমারের কল্যাণে ম্যাচটা বার্সা ২-১ গোলে জিতেছে, টানা অপরাজিত থাকার রেকর্ডটা ৩২ ম্যাচে নিয়ে যাওয়া গেছে। কিন্তু দলের পারফরম্যান্স মোটেও বার্সাসুলভ ছিল না। লিগের অবনমন অঞ্চলে থাকা একটি দল, ১৪ বছর পর যারা ফিরে এসেছে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে, তাদের সঙ্গে জিততে এমন কষ্ট হলো! ভাগ্য সঙ্গে থাকলে এই ম্যাচ উল্টো লাস পালমাসই জিততে পারত।
এমন পারফরম্যান্সের কারণ কী? মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আর্সেনালের সঙ্গে ম্যাচ, এই চিন্তাতেই খেলোয়াড়দের মনোযোগ কিছুটা নড়ে গিয়েছিল পরশুর ম্যাচ থেকে? নাকি স্রেফ ক্লান্তি? ম্যাচের পর বিশ্লেষণে সুয়ারেজের ইঙ্গিত ছিল দ্বিতীয়টির দিকেই। টেলিভিশন চ্যানেল ক্যানাল প্লাসকে বার্সা স্ট্রাইকার বললেন, ‘শিরোপা জিততে হলে কষ্টটুকু করতেই হবে। আমরা টানা দুটি ম্যাচ খেলেছি প্রতিপক্ষের মাঠে, দুটিতেই জিততে বেশ কষ্ট করতে হয়েছে।’
কিন্তু বার্সার মতো ক্লাবগুলোকে তো এমন ধকল সয়ে নিতে জানতে হয়। মৌসুমে প্রতিটি শিরোপার জন্যই লড়াই করাটাই ‘নিয়ম’ এই মানের ক্লাবে। সে পথে অনেকটা এগিয়েও গেছে বার্সা। পরশুর ম্যাচ জিতে লিগে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৯ পয়েন্টে এগিয়ে (কাল রাতে অ্যাটলেটিকো জিতলে ব্যবধানটা ৬ হয়ে গেছে)। এর আগেই বার্সা উঠেছে কোপা ডেল রের ফাইনালে। প্রায় দুই মাস বিরতির পর মেসি-নেইমারদের চ্যাম্পিয়নস লিগ অভিযানও শুরু হচ্ছে আগামীকাল থেকে। সূচির এমন জট অপ্রত্যাশিত কিছু নয়। সুয়ারেজও অবশ্য মেনে নিলেন, ‘এটিকে (ক্লান্তি) কোনো অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি না। গত দেড় মাসে অনেক ম্যাচ খেলেছি আমরা। খেলোয়াড়েরা অবশ্য যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চায়, ছন্দটাও ধরে রাখতে চায়।’
লাস পালমাস ম্যাচে ছন্দের অভাবটাই দেখা গেছে বার্সার খেলায়। কোচ লুইস এনরিকে অবশ্য সূচি-জটের মধ্যেও খেলোয়াড়দের মধ্যে জয়ের আকাঙ্ক্ষা দেখে সন্তুষ্ট। নতুন বছরের প্রথম দুই মাসের সূচি নিয়ে এনরিকে বিরক্তি প্রকাশ করেছিলেন আগেই। ডিসেম্বরে জাপানে গিয়ে ক্লাব বিশ্বকাপ খেলে আসার পর এই সূচি-জটকে বর্ণনা করেছিলেন একটা শব্দে—‘নির্মম’! তবে এই ম্যাচের পর শুধু দলের মনোভাবের প্রশংসাই করেছেন স্প্যানিশ কোচ, ‘যখন প্রতি দুই-তিন দিন পরই মাঠে নামতে হয়, খেলোয়াড়দের কাছ থেকে আপনি যে জিনিসটি চাইতে পারেন, সেটি হলো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা। সেটি আমরা করেছি।’
এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় মিডফিল্ডার বুসকেটস ছিলেন না, সঙ্গে আর্সেনাল ম্যাচের কথা মাথায় রেখে এই ম্যাচে রক্ষণে জেরার্ড পিকেকে খেলাননি এনরিকে। প্রথমার্ধে নামাননি রাকিতিচকেও। তবু যা হয়েছে তাতে সন্তুষ্ট বার্সা কোচ, ‘হয়তো আরেকটু নির্ভুল হওয়ার চেষ্টা করতে পারতাম, তবে যা দেখেছি, তাতে আমি খুশি।’
এই ম্যাচ থেকে তৃপ্তি নিয়েই ফিরলেন, কিন্তু আর্সেনাল ম্যাচের আগেও ‘ক্লান্তি ক্ষমা না করলে’ এনরিকের এই তৃপ্তি কি থাকবে? এএফপি।