অল্পের জন্য শুরুটা ভালো হলো না বাংলাদেশের। চীনের আসিয়ান আন্তর্জাতিক আমন্ত্রণমূলক ফুটবলে মিয়ানমারের বিপক্ষে ৭১ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত মামুনুলরা কাল হেরে গেছেন ৩-২ গোলে। মাঠে প্রতিপক্ষ তো শুধু মিয়ানমার দলই ছিল না, লড়তে হয়েছে ক্লান্তির সঙ্গেও।
এই টুর্নামেন্ট নিয়ে শুরু থেকেই অন্ধকারে ছিল বাংলাদেশ দল। প্রতিপক্ষ কারা, কবে ম্যাচ—কিছুই জানতেন না কেউ। বিমান ও সড়কপথে প্রায় ৩৫ ঘণ্টার ভ্রমণ শেষে ফুটবলাররা যখন পরশু ইউনানের মাংসি হোটেলে পৌঁছায়, ক্লান্তিতে ভেঙে পড়েছিলেন প্রায় সবাই। গত ১৭ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ খেলার ১৫ ঘণ্টা পরই ফুটবলারদের চাপতে হয়েছে চীনগামী বিমানে। অস্ট্রেলিয়া ম্যাচের ক্লান্তির রেশ কাটতে না-কাটতেই আরেকটি ম্যাচে নামাটা ছিল কঠিন। নতুন কন্ডিশনে মানিয়ে নেওয়ার সুযোগই পাননি ফুটবলাররা। সকালে অনুশীলন যাওয়ার পরিকল্পনা করে রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন ফুটবলাররা, কিন্তু হঠাৎই খবর আসে সকালেই খেলতে হবে ম্যাচ।
চীন থেকে টেলিফোনে বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলছিলেন, ‘কাল (পরশু) রাত ১০টায় টুর্নামেন্টের ড্র হয়েছে। ড্রয়ে ভাগ্যটাও পক্ষে যায়নি। উদ্বোধনী ম্যাচটাই পড়েছে আমাদের। স্থানীয় সময় সকাল ১০টায় খেলা শুরু হলেও উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আরও ঘণ্টা দেড়েক আগে স্টেডিয়ামে পৌঁছাতে হয় দলকে। সেখানে গিয়ে ফুটবলারদের শুধু শুধু বসে থাকতে হয়েছে।’
একে তো ভ্রমণক্লান্তি, এর ওপর প্রথম ম্যাচটিই বাংলাদেশের। তবে কোনোরকম প্রস্তুতি ছাড়াই খেলতে নেমে ৩৫ মিনিটে নাবীব নেওয়াজ জীবনের গোলে প্রথম এগিয়ে যায় বাংলাদেশই। কিন্তু গোলরক্ষক সোহেলের ভুলে মিয়ানমার সমতায় ফেরার সুযোগ পায় ৪৫ মিনিটে, অং টিগিয়ার গোলে। ৫৬ মিনিটে মামুনুলের গোলে আবার এগিয়ে যাওয়া (২-১) বাংলাদেশের জয়ের স্বপ্ন দেখা বাড়াবাড়ি ছিল না। কিন্তু ৭১ মিনিটে অং ডুয়ের গোলে স্কোরলাইন ২-২ করে মিয়ানমার। ৮০ মিনিটে থিয়া অংয়ের করা তৃতীয় গোলে জিতে যায় মিয়ানমার।
ঢাকায় বিশ্বকাপ বাছাইয়ের অস্ট্রেলিয়ার বিপক্ষের একাদশটাই কাল নামিয়েছিলেন কোচ ফাবিও লোপেজ। হারের জন্য কোচ লোপেজ দুষেছেন ক্লান্তিকেই, ‘ছেলেরা ক্লান্ত না থাকলে এই ম্যাচ আমরা জিততে পারতাম।’
‘এফ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ চীনের ক্লাব দল—হেবেই ও লিজান। আগামীকাল বাংলাদেশ পরের ম্যাচটি খেলবে লিজানের বিপক্ষে। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৮টায়। ‘এফ’ গ্রুপ থেকে তিনটি দল উঠবে পরের রাউন্ডে।