ক্লাব ও জাতীয় দল মিলিয়ে আজ ১৪তম ফাইনালটি খেলবেন জার্মান স্ট্রাইকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক ২০ দিন পর ৩৭তম জন্মদিনের কেক কাটবেন তিনি। এই বয়সে ফুটবল খেলে যাচ্ছেন কিংবা খেলেছেন—এমন উদাহরণ খুব বিরল নয়। কিন্তু একজন মিরোস্লাভ ক্লোসা একটু বিরলই। নইলে এই ৩৭ ছুঁই-ছুঁই বয়সেও তিনি এই মৌসুমে লাৎসিওর হয়ে সর্বোচ্চ গোলদাতা হন কী করে! রোমের অলিম্পিক স্টেডিয়ামে আজ জুভেন্টাসের বিপক্ষে ইতালিয়ান কাপের ফাইনালেও তাই ক্লোসাই লাৎসিওর বড় ভরসা। আবার প্রতিপক্ষের বড় দুশ্চিন্তাও।
ব্যতিক্রম তিনি আরও একটা দিক থেকে। ফুটবল ইতিহাসে ক্লোসা হাতে গোনা খেলোয়াড়দের একজন, যিনি প্রমাণ করেছেন ক্লাব ক্যারিয়ার সাফল্যে ঝলমল না হলেও ফুটবল ইতিহাসে নাম সোনার অক্ষরে খোদাই করে রাখা যায়। পোলিশ বংশোদ্ভূত এই স্ট্রাইকারের ক্লাবের হয়ে বড় শিরোপা বলতে শুধু বায়ার্ন মিউনিখের হয়ে দুটি বুন্দেসলিগা। বায়ার্ন, ব্রেমেন আর লাৎসিও হয়ে কাপ ও সুপারকাপ হিসেবে করলে আরও গোটা ছয়েক শিরোপা যোগ হবে। অথচ ক্লাব ক্যারিয়ারটা প্রায় ১৭ বছরের। গত দেড় দশকে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা জুভেন্টাসে খেলেছেন এমন ভূরি ভূরি ফুটবলার আছেন, যাঁদের ট্রফির সংখ্যা তাঁর চেয়ে বেশি। কিন্তু ক্লোসা আলাদা, কারণ তিনি বড় ম্যাচের খেলোয়াড়। সেটার প্রমাণ হিসেবে থাকছে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের তালিকায় সবার ওপরে তাঁর নাম। যদি আরও প্রমাণ চান—ক্লাব ও জাতীয় দল মিলিয়ে আজ ১৪তম ফাইনালটি খেলবেন জার্মান স্ট্রাইকার।
এই লাৎসিওর হয়েই ২০১২-১৩ মৌসুমে ইতালিয়ান কাপ জিতেছিলেন। আরও একবার জিততে পারবেন, সেই আত্মবিশ্বাসও আছে। তবে জুভেন্টাস কঠিন প্রতিপক্ষ হবে মানেন সেটাও, ‘ওরা খুবই শক্ত দল। কিন্তু আমি নিশ্চিত আমাদের পক্ষে ট্রফি জেতা সম্ভব।’
ইতালিয়ান কাপের সাম্প্রতিক ইতিহাসও ক্লোসার দলের পক্ষেই। নয়টি শিরোপা নিয়ে এ টুর্নামেন্টের ইতিহাসে জুভেন্টাস সবচেয়ে সফল দুটি দলের (অন্যটি রোমা) একটি হলেও গত ২০ বছরে কখনো ইতালিয়ান কাপ জেতেনি। অন্যদিকে লাৎসিও সাতবার ফাইনাল খেলে ছয়বারই চ্যাম্পিয়ন! তবে ইতিমধ্যে সিরি ‘আ’ জেতা জুভরা এবার পাখির চোখ করেছে ‘ট্রেবল’ জয়কে। আর সে কারণেই ৬ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা যতটা গুরুত্বপূর্ণ জুভেন্টাসের কাছে, আজ ইতালিয়ান কাপের ফাইনালও তার চেয়ে একটুও কম নয়। জুভেন্টাস মিডফিল্ডার ক্লাওদিও মারচিশিয়োও সেটিই বললেন, ‘এই মুহূর্তে আমাদের এক নম্বর লক্ষ্য ইতালিয়ান কাপ। এরপর আমরা চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবতে শুরু করব।’ এএফপি, ফিফাডটকম।