ক্লাব কিনতে না কিনতেই আর্সেনালকে টেক্কা দেওয়ার ইচ্ছা!

মৌসুমের শেষ দিকে দলের খেলার দিনগুলোতে মাঠে একটা ব্যানার বেশ চোখে পড়ত, ‘যদি লের্নার ক্লাবে থাকে, তাহলে আমরা দূরে সরে যাব।’ মৌসুমে দলের পারফরম্যান্স যেমন বাজে ছিল, মানসম্পন্ন খেলোয়াড় না কেনায় ক্লাবের মালিকের বিরুদ্ধে অ্যাস্টন ভিলা সমর্থকদের এই অভিমান খুব স্বাভাবিকও। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিতও হয়ে গেছে ভিলা।
মৌসুম শেষ, হতাশা ভুলে ভিলা সমর্থকদের মুখে এবার হাসি ফোটার উপলক্ষ তৈরি হয়েছে। র্যান্ডি লের্নার সরে যাচ্ছেন, ক্লাবে আসছেন নতুন মালিক। চীনা ব্যবসায়ী ড. টনি শিয়ার কোম্পানি রেকন গ্রুপ কিনে নিচ্ছে অ্যাস্টন ভিলাকে।
কত দামে কিনেছেন সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ক্লাব বিবৃতি দিয়ে জানিয়েছে, চুক্তি হয়ে গেছে, লের্নারের কাছ থেকে ক্লাবের শতভাগ মালিকানাও বুঝে নিয়েছেন শিয়া। এখন শুধু ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইংলিশ চ্যাম্পিয়নশিপ কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।
অনেক দিন ধরেই নাকি অ্যাস্টন ভিলার সমর্থক শিয়া। এবার প্রিয় ক্লাবটির চেয়ারম্যানও হয়ে গেলেন চীনা ব্যবসায়ী। তবে চমক হয়ে এসেছে দায়িত্ব নেওয়ার পর তাঁর ঘোষণা। আপাতত মূল লক্ষ্য প্রিমিয়ার লিগে ফিরে আসা, সে জন্য রবার্তো ডি মাতেও বা নাইজেল পিয়ারসনের মধ্যে কাউকে কোচও নিয়োগ দিতে পারেন কয়েক দিনের মধ্যে। তবে শিয়ার স্বপ্ন, আগামী দুই-এক মৌসুমের মধ্যেই অ্যাস্টন ভিলাকে প্রিমিয়ার লিগের সেরা ছয়ে দৌড়ে আর্সেনাল ও টটেনহামের মতো দলগুলোর সঙ্গে লড়তে দেখা!
সেটি সত্যি হলে ১৯৮৭ সালের পর এবারই প্রথম ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে নেমে যাওয়া ভিলাকে দেখতে পাওয়া যাবে পুরোনো রূপে। সূত্র: এভিএফসিডটকম, লন্ডন ইভনিং স্ট্যান্ডার্ড।