ক্লাব জোটের কাছে ভাঙবে না বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি শীর্ষ ক্লাব দলবদল পেছানোর দাবি তোলায় ফুটবলে এখন নানামুখী আলোচনা চলছে। এই দাবি মানলে ফুটবলে গত সাত-আট বছরের ধারাবাহিকতায় ছেদ পড়বে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোনোভাবেই তা হতে না দেওয়ার অঙ্গীকার করেছে। সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যবসায়িক অফিসে গতকাল এ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। সভাপতির দেওয়া ‘চা চক্রে’ উপস্থিত ছিলেন সালাম মুর্শেদী, হারুনুর রশিদ, বাদল রায়, তাবিথ আউয়াল, সত্যজিৎ দাস রুপু, শেখ মারুফ হাসানসহ নির্বাহী কমিটির ১৩-১৪ জন সদস্য।
শেখ জামাল-মোহামেডান ও শেখ রাসেলের দাবির মুখে ফেডারেশনের ভূমিকা কী হবে, এসবই ছিল আলোচনার বিষয়। পরে বাফুফে ভবনে এসে বাদল রায় বললেন, ‘আমরা ফুটবলে একটা ধারাবাহিকতা এনেছি। অনেক সীমাবদ্ধতার পরও নিয়মিত প্রিমিয়ার লিগ হচ্ছে। নিচের দিকেও একটা গতি এসেছে। এই ধারাটা আমরা বাধাগ্রস্ত হতে দেব না।’
মোহামেডানের ‘বাদল’ নামে পরিচিত এই সংগঠক তাঁর ক্লাবের এক শীর্ষ কর্মকর্তার দিকে আঙুল তুলে বলেছেন, ‘একটি ক্লাব, যে ক্লাবকে আমিও ভালোবাসি, ওই ক্লাবের এক কর্মকর্তা বিভিন্ন খেলাকে অস্থিতিশীল করছেন। তাঁর কারণে হকিতে অচলাবস্থা হয়েছিল। তিনি যদি মনে করেন ফুটবলেও এমন করবেন, তাহলে ভুল করবেন। কোনো ক্লাবের অন্যায় দাবির কাছে নতি স্বীকার করবে না ফেডারেশন। কারও দাবিদাওয়া থাকলে আলোচনা হতে পারে। কিন্তু “খেলব না”, “দলবদল করব না” এসব আমরা মানতে রাজি নই।’