প্রিমিয়ার লিগের খেলা চলছে। ঈদের দুদিন আগেও ১৯ জুলাই অনুষ্ঠিত হয়েছে দুটি ম্যাচ। পরবর্তী সূচি চূড়ান্ত না হলেও ঈদ শেষে দ্রুত খেলা শুরু হওয়ার কথা রয়েছে। ক্লাবগুলো থেকে তাই ছুটি পাননি খেলোয়াড়েরা। বেশ কয়েকটি ক্লাব নিজেদের উদ্যোগে কোরবানি দিয়েছে। খেলোয়াড়েরা সেখানে পরিবারের আমেজে পালন করছেন ঈদ। সারা বছর এক ছাদের নিচে থাকায় ক্লাব সতীর্থরা তো পরিবারের সদস্যদের মতোই।
নামাজ শেষে খেলোয়াড়েরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উৎসবমুখর ছবি পোস্ট করেছেন। পরিবার থেকে অনেক দূরে থাকলেও ঢাকায় অবস্থান করা বিদেশি খেলোয়াড়েরাও মজেছেন ঈদের আনন্দে। ছবিতে ছবিতে দেখে নিন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের ঈদ আনন্দ—ঢাকার সেগুনবাগিচায় নামাজ শেষে চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার মনির আলমের সেলফিতে ধরা পড়ল প্রায় পুরো দল। খেলোয়াড়দের সূত্রে জানা গেছে, ক্লাবের সবাইকে পাঞ্জাবি উপহার দিয়েছেন কোচ মারুফুল হক।