ক্লাবগুলো আর খেলা পেছাতে চায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টুর্নামেন্ট এলেই বাংলাদেশে ঘরোয়া ফুটবল বন্ধ রাখা অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল সাম্প্রতিক সময়ে। জাতীয় দলের খেলা হলে তো কথাই নেই, যুবদলের খেলায়ও ঘরোয়া লিগ বন্ধ থেকেছে। সে হিসাবে ১৬-২৮ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের জন্য বন্ধ থাকতেই পারত। ১০ সেপ্টেম্বর যুবদলের ক্যাম্প শুরু হলে প্রিমিয়ার লিগ বন্ধ হতে পারে বলে আশঙ্কা করছিলেন কোনো কোনো ক্লাব কর্মকর্তা।

কাল বিকেলে হঠাৎ লিগ কমিটির জরুরি সভা ডাকার পেছনে এই উদ্দেশ্যই খোঁজা হচ্ছিল। সকালে ওই সভার খবর পেয়ে একজন ক্লাব কর্মকর্তা বলছিলেন, এভাবে খেলা বন্ধ রাখলে ক্লাবের খরচ বাড়ে। আরেক ক্লাব কর্মকর্তা বলেন, বাফুফে খেলা পেছাতে বললে তিনি তীব্র আপত্তি জানাবেন। তাঁর কথায় একটা লক্ষণীয় পরিবর্তন দেখা যায়। এত দিন নানা অজুহাতে খেলা পেছাত যে ক্লাবগুলো তারাই এখন লিগে বিরতি দেওয়ার বিরুদ্ধে।

শেষ পর্যন্ত লিগ অবশ্য পেছানো হয়নি। তবে সিদ্ধান্ত হয়েছে অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের ক্যাম্প ও লিগটা সমন্বয় করে চালানো হবে। ঈদের সময়ও ক্যাম্প চলবে যুবদলের। বাফুফে জানিয়েছে, অনূর্ধ্ব-১৮ দলে ৩৫ জনকে ডাকা হয়েছে প্রাথমিকভাবে। যেখানে সাইফ স্পোর্টিংয়ের খেলোয়াড় সর্বোচ্চ ছয়জন। মুক্তিযোদ্ধার পাঁচজন। শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর দুজন করে, ঢাকা আবাহনীর একজন। আছে অন্য দলের খেলোয়াড়ও।

ক্লাব খেলা চালিয়ে যাওয়ার পক্ষে থাকায় আগের সূচি অনুযায়ী ঈদের আগে ৩০ আগস্ট পর্যন্ত প্রিমিয়ার লিগের খেলা চলবে। ঈদের পর লিগের খেলা শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে।