ক্লাবগুলোতে ফুটবল ছাড়া আর সবই হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মোহামেডান-আবাহনীর মতো ক্লাবের খেলোয়াড় তৈরির কোনো কর্মসূচি নেই। ছবি: ফাইল ছবি।
মোহামেডান-আবাহনীর মতো ক্লাবের খেলোয়াড় তৈরির কোনো কর্মসূচি নেই। ছবি: ফাইল ছবি।

আমাদের প্রাণের খেলা ফুটবল আজ গভীর সংকটে। অন্তত তিন বছরের জন্য নির্বাসনে চলে যেতে হলো বাংলাদেশ জাতীয় দলকে। কেন এই দশা? কোনো আশা কি আছে বাকি? ২০ বছর ধরে একদম কাছ থেকে দেশের ফুটবলকে দেখার অভিজ্ঞতা থেকে বিশেষ প্রতিনিধি মাসুদ আলমের পাঁচ পর্বের বিশ্লেষণী প্রতিবেদন। আজ ক্লাবগুলো দায় নিয়ে দ্বিতীয় পর্ব

বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।

ফুটবলাররা? অবশ্যই ক্লাবে।
ইউরোপের কোনো ক্লাবের জন্যই কথাটা হয়তো বেশি মানানসই। মেসি, রোনালদোরা তো বেড়ে ওঠেন ক্লাবের ছায়াতলেই। ক্লাবেই প্রস্ফুটিত হয় তাঁদের ফুটবল–জীবন। অত দূরে যাওয়ার দরকার নেই, পাশের কলকাতাতেও মোহনবাগান-ইষ্টবেঙ্গলের মতো ক্লাব ফুটবলারদের মৃগয়াক্ষেত্র। কিন্তু বাংলাদেশে?

বাংলাদেশে ক্লাব সংস্কৃতির কোনো উন্নতি নেই। বরং অবনতির চূড়ান্ত সীমায় পৌঁছেছে। ক্লাবের কাছে খেলাটা এখন আর আসল নয়।
ক্লাব সংস্কৃতির উন্নয়নে সম্মিলিত কোনো উদ্যোগ নেই। থাকবে কী করে? খেলাটাকে মনেপ্রাণে ভালোবাসার লোকের যে বড়ই অভাব।

টিকে থাকা কর্মকর্তাদের অনেকে হতাশ হয়ে আড়ালে চলে গেছেন। তাই ক্লাব মানে এখন দু-একজন কর্মকর্তার শাসন, তাঁদের ওপরে ওঠার বাহন। ক্লাবের কর্মকর্তা পরিচয়ে সংসদ নির্বাচনে বড় দলের মনোনয়ন পেতে তাঁদের সুবিধা হয়। হাতে গোনা কিছু ব্যতিক্রম বাদ দিলে কর্মকর্তারা নিজেদের স্বার্থেই ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকেন। নিজের জীবনকে ফুটবলের জন্য ব্যবহার করা নয়, এখন হয়ে দাঁড়িয়েছে নিজের জীবনের জন্য ফুটবলকে ব্যবহার করা!

নিবেদিতপ্রাণ কর্মকর্তা যেমন বিলুপ্তপ্রায়, সমর্থক তো কালের গর্ভে হারিয়ে গেছে। আগে বড় দলগুলোর অনুশীলন দেখতে হাজারো দর্শক ছুটে আসত, এখন বড় ম্যাচে মাঠে ৫০০ লোকও নেই। অথচ নব্বই দশক পর্যন্ত বাংলাদেশে ভালোবাসা আর আবেগের বড় নাম ছিল ফুটবল।

সেটার ভরকেন্দ্রে থাকত ক্লাব। সেই ক্লাবে খেলে শাণিত হওয়ার বদলে এখন ফুটবলারদের কাছেও ক্লাব স্রেফ টাকা কামানোর জায়গা। কোনো ফুটবলারই কোনো ক্লাবের জার্সিটা গর্বের সঙ্গে পরেন না। কোনো ক্লাবের প্রতি আনুগত্য নেই। একটু বেশি টাকা পেলেই প্রতিপক্ষ শিবিরে ভিড়ে যাবেন। আনুগত্যই যদি না থাকে, নিজেকে উজাড় করে দেবেন কেন?

ফুটবল ক্লাবকেন্দ্রিক খেলা বলে একটা জাতীয় দলের সাফল্য নির্ভর করে ক্লাবগুলোতে সেই জাতীয় দলের মূল খেলোয়াড়েরা কে কীভাবে আছেন, কীভাবে অনুশীলন করছেন, অন্যান্য সুবিধা কেমন পাচ্ছেন, তার ওপর। আমাদের ক্লাব ফুটবলে সেই সংস্কৃতির লবডঙ্কা। জাতীয় দল ভালো করবে কী করে?

জাতীয় দলে এসে তাঁরা ভালো খেলবেন, সেই আশা করাই বরং বাড়াবাড়ি। এখন তাই ভুটানের কাছেও হারে বাংলাদেশ। যার পরিণতি ফুটবলের মৃত্যুঘণ্টা বাজা! তিন বছরের জন্য ফিফা-এএফসির ম্যাচ থেকে নির্বাসিত হয় দেশের ফুটবল।

সময় পাল্টাচ্ছে, পেশাদারির পথে হাঁটছেন সবাই। এশিয়ায় সবার আগে হংকংয়ে সত্তর দশকে পেশাদার লিগ চালু হয়েছিল। আর বাংলাদেশে সেটি কবে চালু হয়েছে জানেন? ২০০৭ সালে। সেটিও শুধুই কাগজ-কলমে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের ব্যবস্থাপত্রে। নয় বছর পরও এক ছটাক পেশাদারিও আসেনি কোনো ক্লাবে। পেশাদার লিগ মানে হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা। অথচ আমাদের ক্লাবগুলো এই পদ্ধতিতে খেলতে চায় না। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামই তাদের সবার হোম, সবার অ্যাওয়ে। যক্ষের ধন। ঢাকার বাইরে খেলতে যেতেই হাজারো ওজর-আপত্তি। ফেডারেশন ঢাকার বাইরে খেলার কথা বললে ক্লাবগুলো বায়না তোলে, যাতায়াত-থাকা-খাওয়ার খরচ কে দেবে? আশ্চর্য সব প্রশ্ন!

গড্ডলিকাপ্রবাহে গা ভাসিয়েছে সবাই। আগে ছোট ক্লাবগুলো ছিল খেলোয়াড় তৈরির কারখানা। রহমতগঞ্জ ক্লাব থেকেই উঠে এসে আবাহনীর জার্সি পরেছিলেন আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। যিনি হয়ে ওঠেন দেশের ফুটবলে অন্যতম সেরা মুখ। সেই চুন্নু পেছনে তাকিয়ে দীর্ঘশ্বাসই ফেলেন, ‘আমাদের সময়ে ক্লাব মানেই ছিল একজন ফুটবলারকে পরিপূর্ণভাবে গড়ে তোলার মঞ্চ। এখন কোনো ক্লাবেই সেটা আর নেই।’

বাংলাদেশের ফুটবল ক্লাবগুলো এমনই যে খোদ ফিফা-এএফসিও ঝাঁকুনি দিতে ব্যর্থ। সাম্প্রতিক বছরে ক্লাবগুলোকে নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে এএফসি বলেছিল একজন করে বিপণন কর্মকর্তা নিতে। এতে ক্লাবগুলোতে অন্তত একটা বাণিজ্যিক ভাবনার সূচনা হবে। যেটা জরুরি। ক্লাবগুলো টাকা নিয়েছে ঠিকই, বিপণন কর্মকর্তা আর নিয়োগ দেয়নি।

অথচ ইউরোপের নামকরা ক্লাবগুলো বাণিজ্যিক দিকটার কথা ভেবে থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশগুলোতে তাঁবু ফেলে। বাংলাদেশের ক্লাব পড়ে আছে সেই মান্ধাতার আমলে। ক্লাবগুলোর কোনো মার্চেন্ডাইজিং নেই। আবাহনী বা মোহামেডানের মতো ক্লাবের একটা জার্সি কিনতে যাবেন, কোথাও পাবেন না। শেখ রাসেল, শেখ জামালের মতো দলগুলো ফ্যান ক্লাব তৈরি করে না, ক্লাবের একটা কোট পিন পর্যন্ত নেই। একটা স্মরণিকা বানিয়ে বাণিজ্যিকভাবে বিক্রি করার উদ্যোগও তো দেখা যায় না। প্রচার-প্রসারের কোনো ভাবনাও কেউ কোনো দিন করেনি।

দু–একটি বাদে ক্লাব মানেই জুয়া-হাউজি। ক্লাবের অন্দরে ঢুঁ মারলে দেখা যায় ফুটবলাররাও তাস পেটাতে ব্যস্ত। সাংবাদিক–জীবনে যতবারই আবাহনী, মোহামেডানসহ শীর্ষ ক্লাবগুলোতে গিয়েছি, খেলোয়াড়দেরই তাস পেটাতে দেখা যায়নি এমন দিন কমই আছে।
বড় ম্যাচের দিনও তাঁরা নির্বিকারভাবে তাস পেটান। মাঠে নেমে ভালো খেলা? ওটা তো অনেক দূরের ব্যাপার।
ক্লাবে ঠিকভাবে খেলোয়াড়েরা বেড়ে উঠছেন না, তাই আজকের সর্বনাশ। বাংলাদেশের ক্লাবগুলো পোশাক কেনার মতো বছর বছর খেলোয়াড় কিনেই দায়িত্ব শেষ করে! সেটিও ১০ লাখ টাকার খেলোয়াড়কে ৫০ লাখ টাকায়! ক্লাব সংস্কৃতিতে আর কিছু না হোক, টাকার প্রবাহ বেড়েই চলেছে। আবাহনী-মোহামেডানের সঙ্গে যোগ হয়েছে শেখ রাসেল, শেখ জামাল। লিগ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী বাড়ায় টাকার এত ছড়াছড়ি।
যে করেই হোক চ্যাম্পিয়ন হতে মরিয়া দলগুলো। এতে দোষের কিছু নেই। কিন্তু ক্লাবগুলো চ্যাম্পিয়ন হতে চায় আসলে ফেডারেশনের নির্বাচনে প্রভাব খাঁটিয়ে বড় পদ পেতে! অথচ ক্লাবের আসল দায়িত্ব তৃণমূল থেকে খেলোয়াড় এনে পরিচর্যা করা। সেটা করে না কেউ। ফুটবল বাঁচাতে খেলোয়াড় তুলে আনার কোনো বিকল্প নেই। পৃথিবীর সব প্রতিষ্ঠিত ক্লাবই এটা করছে। সবার বয়সভিত্তিক দল, একাডেমি আছে। আছে প্রতিভা খুঁজে আনার স্কাউট। সেই একাডেমির আবিষ্কার হিসেবে আজ ফুটবল–বিশ্ব শাসন করছেন মেসি-রোনালদোরা। কিন্তু স্বাধীনতার ৪৫ বছর পরও বাংলাদেশের কোনো ক্লাব একটা একাডেমি করেনি।
আবাহনীর মতো দল চাইলে অনেক কিছুই করতে পারত। করেনি, এটাই বাস্তবতা।

ফুটবলের চাকা পেছনে হাঁটার দায়টা বর্তাবে আবাহনী-মোহামেডানের ওপর। এই দুটি দর্শকনন্দিত ক্লাব ফুটবলের জন্য যেমন আশীর্বাদ ছিল, এখন সর্বনাশের কারণও। মোহামেডান ১৪ বছর ধরে লিগ চ্যাম্পিয়ন হচ্ছে না। পেশাদার লিগ চালু পর দলটি রানার্স আপ হয়েছে তিনবার। এখন তো সেরা চার-পাঁচেও নেই। মোহামেডান এবার লিগে দশম ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে।

জনপ্রিয় এই দলটির সমর্থকেরা ব্যথিত, হতাশ। তাঁরা ক্লাব আঙিনায় আর ভিড় করেন না। আবাহনীর একই দশা। খাঁ খাঁ ক্লাব চত্বর দেখে পুরোনো অনেকরই মনটা হু হু করে ওঠে।

আবাহনী-মোহামেডান দ্বৈরথ তাই আর ঝড় তোলে না, গ্যালারি থাকে ফাঁকা। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলছেন ‘আবাহনী-মোহামেডান আগের মতো জমজমাট আবহ তৈরি করতে না পারলে দেশের ফুটবল এগোবে কী করে!’

প্রতিভা খুঁজে আনার সংগঠকদের বিলুপ্তিও পতনের আরেক কারণ। আগে সংগঠকেরা দেশের আনাচকানাচে ঘুরতেন। প্রতিভা তুলে আনতেন। এভাবেই সাতাত্তরে কুমিল্লা খেকে বাদল রায়, রংপুর থেকে মোসাব্বের এসেছিলেন মোহামেডানে।
সংগঠকেরা কষ্ট করতে রাজি নন। তাঁরা শুধু খেলা পেছানোর আওয়াজ তোলেন। কিছু কর্মকর্তা আবার কমিশন–বাণিজ্যে লিপ্ত। আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলছেন, ‘আগে আমরা দৌড়ঝাঁপ করে টাকা জোগাড় করতাম ক্লাবের জন্য, এখন সেটা তো দেখি না।’

এখন ক্লাবকর্তারা দৌড়ঝাঁপ করেন অবশ্যই। নিজেদের স্বার্থের পকেট ভরতে। ফুটবল? সে গোল্লায় যাক!

আগামীকাল পড়ুন ফেডারেশনের অযোগ্যতা কীভাবে ফুটবলকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে