পেশাদার এই যুগে বাংলাদেশের ফুটবল ক্লাবগুলো আজও শতবর্ষ পেছনে পড়ে আছে। এমনকি পেশাদার হয়ে ওঠার দৃশ্যমান চেষ্টাও দু-একটি বাদে ক্লাবগুলোর মধ্যে নেই। ফিফা-এএফসি উৎসাহ দিলেও সেই পথে হাঁটতে পারছে না বাংলাদেশের শীর্ষ স্তরের দলগুলো। এ কারণেই ওই ক্লাবগুলোর জন্য প্রায় নীরবে আসা এএফসির বিশেষ অনুদান এক বছর পরই বন্ধ হয়ে গেছে!
ঘটনা হলো, অনেক দেনদরবার করে প্রিমিয়ার লিগের ১১টি ক্লাবের জন্য এএফসির কাছ থেকে বিপণন খাতে গত বছর ২০ হাজার ডলার এনেছিল বাফুফে। প্রতিটি ক্লাবের একটা বিপণন বিভাগ থাকা জরুরি বলেই এএফসি তা দিয়েছে। টাকার অঙ্কটা খুব বড় হয়তো নয়। তাতে কী, অন্তত একজন বিপণন কর্মকর্তা নিয়োগ দিয়ে শুরুটা করতে চেয়েছিল এএফসি। তাই এই খাতে বরাদ্দ না থাকলেও বাংলাদেশকে বিশেষ ওই বরাদ্দটা দিয়েছিল এশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
প্রতি ক্লাবের জন্য বরাদ্দ ছিল ১৮৮১ ডলার। মাসে ১৫১ ডলার বা প্রায় ১২ হাজার টাকা। ফেনী সকার টাকাটা নিতে পারেনি সময়মতো বিপণন কর্মকর্তার নাম জমা দিতে না পারায়। আবাহনী, মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেলসহ ১০টি ক্লাব বিপণন কর্মকর্তার নাম জমা দিয়ে টাকা নিলেও চূড়ান্ত বিচারে এএফসির কাছে ফলপ্রসূ মনে হয়নি।
এক বছর পরই তাই বিশেষ অনুদানটা বন্ধ হয়ে গেছে। বাফুফেকে এএফসি বলেছে, ক্লাবগুলোকে অনুদান দিয়ে তাদের অভিজ্ঞতা ভালো হয়নি। বিপণন কর্মকর্তাকে ভালোভাবে সহায়তা করেনি ক্লাবগুলো বা তাঁকে কাজে লাগায়নি ঠিকভাবে। কোনোরকমে একটা নিয়োগ দেওয়ার জন্যই নাকি দিয়েছে। এতেই বেরিয়ে এসেছে বাংলাদেশের ক্লাবগুলোর অপেশাদারি। বাংলাদেশের বড় ক্লাবগুলো আসলে ব্যক্তিনির্ভর হয়ে গেছে, ফলে পেশাদার কাঠামো গড়ে ওঠেনি।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কাল বললেন, ‘আমরা চাই, ক্লাবগুলো পেশাদার হোক। সে কারণেই এএফসিকে অনুরোধ করে ওই অনুদান আনা হয়েছিল। কিন্তু এএফসি বলে দিয়েছে এ বছর আর এই খাতে টাকা দেবে না। তারা নাকি আশানুরূপ ফল পায়নি।’