ক্লাবে ফিরতেই 'দুর্দান্ত' আর্জেন্টাইন তারকারা

এই তো কিছুদিন আগেই আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পালিও খুব খুশি ছিলেন। ৩১ আগস্ট বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে মেসি-দিবালা-ইকার্দিরা কী দুর্দান্তই না খেলেছিলেন! বার্সেলোনার জার্সি গায়ে মেসির জোড়া গোল, জুভেন্টাসের হয়ে পাওলো দিবালার হ্যাটট্রিক কিংবা ইন্টার মিলানের হয়ে ইকার্দির জোড়া গোল। কিন্তু উরুগুয়ের বিপক্ষে কী করলেন এই তারকারা! দল গোলশূন্য ড্র করল। বিশ্বকাপ বাছাইপর্বে আরও অনিশ্চিত পথে যাত্রা করল আর্জেন্টিনা। পরের ম্যাচে ভেনেজুয়েলার মতো দুর্বল প্রতিপক্ষের সঙ্গেও ১-১ ড্র। মেসি, দিবালা, ইকার্দিরা আবারও ব্যর্থ।
সেই মেসিরাই কাল আবার ক্লাবের জার্সি গায়ে দুর্দান্ত। মেসি তো এসপানিওলের বিপক্ষে একাই খেললেন। ক্লাবের জার্সিতে ৩৮তম হ্যাটট্রিক করলেন। নিজে খেললেন, গোটা দলকে খেলালেন। দলকে এনে দিলেন ৫-০ গোলের বড় জয়। ইতালীয় সিরি ‘আ’তে দিবালা করলেন একক প্রচেষ্টার দুর্দান্ত এক গোল। জুভেন্টাসের হয়ে এ ম্যাচে গোল করেছেন গঞ্জালো হিগুয়েইনও। ইংলিশ লিগে সার্জিও আগুয়েরো লিভারপুলের বিপক্ষে কী দারুণ গোলটিই না করলেন! অথচ জাতীয় দলের জার্সিতে এর ঠিক উল্টোটাই এঁরা। জাতীয় দলের হয়ে ফর্ম এতটাই বাজে, আগুয়েরো-হিগুয়েইনদের সেখানে জায়গাই হয় না। মেসি-দিবালার মতো তারকারাও নিষ্প্রভ। শনিবার ইকার্দির খেলা ছিল না। আজ ইন্টারের হয়ে অন্য রকম এক ইকার্দিকেই হয়তো দেখা যাবে। ক্লাবের জার্সি যে পরবেন!
এসব দেখে আর্জেন্টিনার সমর্থকদের মনে হাহাকার তৈরি হতেই পারে। কী দুর্দান্ত সব ফুটবলার! মেসি, আগুয়েরো, দিবালা, ডি মারিয়া, ইকার্দি—অথচ জাতীয় দলের জার্সিতে তাঁরা কত সাদামাটা। সমস্যাটা ঠিক ধরতে পারেন না তাঁরা। তারকারা নিজেরাও কি বলতে পারেন?
অথচ তাঁদের জাতীয় দলের জার্সি গায়ে ক্লাবের মতোই জ্বলে ওঠাটা যে খুবই জরুরি। বিশ্বকাপ বাছাইপর্বে এমনিতেই খাদের কিনারে দাঁড়িয়ে আর্জেন্টিনা। তারকারা জ্বলে না উঠলে ২০১৮ সালের জুন মাসটা বড্ড কষ্টে কাটবে আর্জেন্টিনার সমর্থকদের। আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ যে তারা স্বপ্নেও ভাবতে পারেন না।