ক্লাবে ফিরে যেতে চান মারুফুল
রেফারির সঙ্গে দুর্ব্যবহারের জেরে শেষ কয়েক মিনিট গ্যালারিতে বসে খেলা দেখতে হয়েছে বাহরাইন কোচ মারজান ইদকে। বহিষ্কারাদেশ থাকায় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও প্রথা অনুসারে তিনি আসতে পারেননি। অনুবাদক এবং একমাত্র গোলদাতা আলহুতিকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন সহকারী আল নাসর। কিন্তু এঁদের কথা আর কী শুনবেন গণমাধ্যমকর্মীরা! তাঁরা যে কাল অপেক্ষায় ছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ মারুফুল হকের জন্য।
চেহারায় রাজ্যের হতাশা এঁকে এলেন মারুফুল, নিজের কাঁধেই নিলেন হারের দায়ভার, ‘সাফের ব্যর্থতার পর খেলোয়াড়দের মানসিক অবস্থা কাটিয়ে ওঠানোর চেষ্টা করেছি। অনেকটা কাজও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আসল জায়গায় পারেনি ওরা। এই ব্যর্থতার দায়ভার তাই আমিই নিচ্ছি।’
টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচেই কোচের আস্থা অর্জন করেছিলেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। কিন্তু চোটের কারণে কাল তাঁর বদলে খেলেছেন অভিজ্ঞ শহীদুল আলম সোহেল। সেমিফাইনালে হারের পেছনে এই গোলরক্ষকের মস্ত ভুলটাই দাঁড়াল মারুফুলের কাঠগড়ায়, ‘আমাদের জাতীয় দলে গোলকিপারের সমস্যা দীর্ঘদিনের। সোহেলের ধারাবাহিকতার অভাব। তারপরও ওকে নিয়েছি রানার ইনজুরির জন্য। কিন্তু মাঠে সোহেল বুঝতেই পারেনি বলের অবস্থান কোথায়, ওকে কোথায় থাকতে হবে। গোলের সময় সোহেলের আশপাশে কেউই ছিল না। বল যদি সহজেই গ্রিপ করত তাহলে গোলটা হতো না।’
আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের ফুটবল মানেই যেন ব্যর্থতার গল্প। এই বৃত্ত থেকে কি বেরিয়ে আসার পথ নেই? হতাশ মারুফুল গোটা ব্যবস্থার মধ্যেই গলদ দেখেন, ‘নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপের দিকে তাকালে দেখব ওরা গত ১০-১৫ বছরে ফুটবলের জন্য কী কাজ করেছে। একটা শক্তিশালী দল গড়ার জন্য আমরা কী করেছি। আসল আমাদের ফুটবল-জ্ঞানের অভাব রয়েছে।’
সাফের ব্যর্থতার পরই দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন মারুফুল। কিন্তু বাফুফের অনুরোধে বঙ্গবন্ধু গোল্ড কাপে দলের দায়িত্ব নেন। কিন্তু জাতীয় দলের এমন পারফরম্যান্সের পর জাতীয় দল নিয়ে আর কাজ করতে চান না, ‘আমি ক্লাবেই ফিরে যেতে চাই। জাতীয় দল নিয়ে আর কাজ করতে চাই না।’
খেলোয়াড়দের মধ্যে দায়বদ্ধতারই অভাব দেখেন কোচ, ‘দলীয় শৃঙ্খলা ভেঙে জাহিদ যে কাজ করেছে এর প্রভাব পড়েছে খেলায়। আসলে এই দলের অনেকেরই কমিটমেন্ট নেই। এর প্রমাণ তো হাতেনাতেই পাওয়া গেল।’
যশোরে অনুজ্জ্বল এক ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু। সেই বাহরাইনই কিনা উঠে গেল ফাইনালে। সহকারী কোচ আল নাসরের চোখে অবিশ্বাস্য এই অর্জন, এখন স্বপ্ন দেখছেন শিরোপা জয়ের, ‘এখানে আমরা অংশ নিতে এসেছিলাম, জিতব ভেবে নয়। ফাইনালে উঠতে পেরে কী যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারব না। ম্যাচটা যদিও সহজ ছিল না। এখন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেই পারি।’