ক্লাবের চাপে কমে গেল ভেন্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফুটবলে ক্লাবের চাওয়াই শেষ কথা, আরেকবার তা দেখা গেল পেশাদার লিগের ভেন্যু কমিয়ে ফেলার নাটকীয় সিদ্ধান্তে। পরশু লিগ কমিটির সভায় শেখ জামাল, মোহামেডান, আরামবাগ, মুক্তিযোদ্ধা জোট বেঁধে দাবি তোলে লিগের ভেন্যু সাতটির বদলে চারটি করতে হবে। শেষ পর্যন্ত সেটিই হয়েছে। ঢাকার বাইরে এখন খেলা হবে শুধু চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে। এক রাউন্ডের পরিবর্তে প্রতি ভেন্যুতে একসঙ্গে অন্তত দুটি রাউন্ড হবে। বাদ পড়েছে রাজশাহী, বরিশাল ও গোপালগঞ্জ। কাল মুলতবি সভায় হয়েছে দেশের ফুটবলের জন্য এমন নেতিবাচক সিদ্ধান্ত।

ঢাকার বাইরে ফুটবল হয় না বলে বাফুফের নির্বাচনে গলা চড়েছিল একটি পক্ষের। প্রিমিয়ার লিগটাও ঢাকাকেন্দ্রিক। তাই সবদিক ভেবে এবার প্রিমিয়ার লিগকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে ও লিগের স্বত্ব কেনা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। কিন্তু কিছু ক্লাবের চাপের কাছে বাফুফে আরও একবার হার মানল।

আপত্তি তোলা ক্লাবগুলোর বক্তব্য, ঢাকার বাইরে এত এত ভ্রমণ সম্ভব নয়। নিরাপত্তার বিষয়টাও আনা হয়েছে সামনে। খসড়া সূচি দেখে তারা বলেছে, চট্টগ্রামে ম্যাচ শেষে চার দিন পর সিলেটে খেলা সম্ভব নয়। সিলেট থেকে বরিশাল যাওয়া-আসার মাঝখানে সময়ও কম।

বাংলাদেশের ক্লাবগুলো এভাবে ম্যাচ খেলতে অভ্যস্ত নয়, এটা সত্যি। কিন্তু ২৪ জুলাই লিগ শুরুর আগে শেষ মুহূর্তে এভাবে আপত্তি তোলার ব্যাপারটাকে ভালো চোখে দেখছেন না অনেকেই। সাতটি ভেন্যুতে খেলার ব্যাপারটা ঠিক করা হয়েছিল আগেই। তাহলে আপত্তিটা লিগ শুরুর মাত্র এক সপ্তাহ আগে কেন?

লিগ কমিটিতে শেখ জামালের প্রতিনিধি সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু বললেন, ‘আমরা ফিকশ্চার দেখে বুঝলাম এভাবে দ্রুত ভেন্যুতে গিয়ে খেলা সম্ভব নয়।’ তাই বলে ভেন্যু কমিয়ে ফেলার দাবি? চুন্নুর কথা, ‘অনেক সমস্যা আছে। এগুলো আস্তে আস্তে ঠিক করা যেতে পারে।’

কিছু ক্লাব ঢাকার বাইরে যাওয়ার প্রশ্ন এলেই বলে, ‘খরচ দেবে কে?’ সব খরচ বাফুফে দিলে তবেই তারা ঢাকা ছাড়তে রাজি। এবার ক্লাবের অনুদান ২৫ লাখ থেকে ৪০ লাখ করার দাবিও পূরণ হতে যাচ্ছে। কোনো কোনো ক্লাবের বাজেটও ৪০ লাখ টাকার বেশি নয়! বাফুফের দেওয়া টাকাতেই যদি সব করতে হয়, তাহলে ক্লাব পেশাদার হলো কীভাবে?

লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী বলেছেন, ‘কী করব, ক্লাব চায়।’ ১২ দলের মধ্যে মাত্র কয়েকটা ক্লাবের চাওয়াই গুরুত্ব পাওয়া মানে বাফুফের সিদ্ধান্ত মূল্যহীন।

অথচ আবাহনীর কোচ জর্জ কোটান ঢাকার বাইরে ছয়টি ভেন্যু করার সিদ্ধান্তকে জানিয়েছিলেন, ‘এটা করার জন্য ১৬ বছর আগেই বলেছিলাম আমি।’ শেখ রাসেলের কোচ মারুফুল হক ভেন্যুর সংখ্যায় সমস্যা দেখেননি। দুই ভেন্যুতে খেলার মাঝখানে ধকল কাটিয়ে ওঠার জন্য একটু সময় চেয়েছিলেন। আবাহনীরও একই মত। রহমতগঞ্জসহ অন্যরাও ছিল এটির পক্ষে।