ক্লাবের দুই ক্রীড়াবিদের মৃত্যু, অভিশাপ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুই দিন দুই ক্রীড়াবিদের মৃত্যু। হকচকিত জার্মান ক্লাব ভিএফএল ইডেভেস্ট মনে করে, তাদের ওপর খুব বড় কোনো ‘অভিশাপ’ ভর করেছে।

গত বুধবার অনুশীলনের সময় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ক্লাবের অন্যতম ফুটবলার ২৪ বছর বয়সী হ্যানেস রাম্পকার। পুরো ক্লাব যখন শোকে মুহ্যমান, ঠিক তখনই, এক দিন পরেই একইভাবে অনুশীলনের সময় মারা যান ৩৩ বছর বয়সী বাস্কেটবল খেলোয়াড় আর্নে হব্বি। জার্মান শহর ব্রেমেনের কাছাকাছি অবস্থিত ইডেভেস্ট শহরের এই ক্লাবের প্রায় সব সদস্যই এখন বিশ্বাস করা শুরু করেছেন অভিশাপের বিষয়টি। ইডেভেস্ট শহরে মাত্র ২১ হাজার মানুষের বাস। দুটি মৃত্যুতে গোটা শহরই এই মুহূর্তে বিমূঢ়।

শোকবিহ্বল ইডেভেস্ট কর্তৃপক্ষ আপাতত তাদের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। এই ঘটনায় আঞ্চলিক ফুটবল ও বাস্কেটবল টুর্নামেন্টও বন্ধ আছে।

আঞ্চলিক পত্রিকা নর্ডওয়েস্ট জেইটাংয়ের সঙ্গে এক আলাপচারিতায় ক্লাবের অন্যতম বাস্কেটবল খেলোয়াড় হেনিং ভোন আশভেগে বলেছেন, ‘এই শহরের মানুষ ও ভিএফএল ইডেভেস্ট ক্লাবের কাছে পুরো ব্যাপারটাই অলৌকিক। ফুটবলার হ্যানেসের মৃত্যুর পর আমাদের ক্লাবের ওপর যেন অভিশাপ ভর করেছে। আমরা এই পরিস্থিতির মোকাবিলা কীভাবে করব, সেটিই বুঝতে পারছি না।’ সূত্র:এএফপি।