ক্লাবের বিরুদ্ধে করোনায় আক্রান্ত ফুটবলারকে খেলতে বাধ্য করার অভিযোগ

রন-থরবেন হফমানছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্ন মিউনিখের গোলবারে এখনো দাপটের সঙ্গে খেলছেন ম্যানুয়েল নয়্যার। তাঁর জায়গা নিতে অনেক স্বপ্ন নিয়ে বায়ার্নে যোগ দিয়েছিলেন আলেক্সান্ডার নুবেল। নয়্যারকে সরাতে না পেরে এখন মোনাকোতে ধারে খেলছেন, তবে একদিন জায়গাটা তিনিই নেবেন। ফলে রন-থরবেন হফমানের কখনো বায়ার্নে মূল গোলকিপার হয়ে খেলা হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। গত মৌসুমে তাই ধারে খেলতে গিয়েছিলেন সান্ডারল্যান্ডে। আর সেখানে খেলতে গিয়েই আলোচনায় চলে এসেছেন।

জার্মান ক্লাবের একাডেমিতে বেড়ে ওঠা হফমান বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ার পরও তাঁকে মাঠে নামতে বাধ্য করেছে সান্ডারল্যান্ড। এবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে থাকা ক্লাবটি অবশ্য এ অভিযোগ উড়িয়ে দিয়েছে।

এবার চ্যাম্পিয়নশিপে উঠেছে সান্ডারল্যান্ড
ছবি: টুইটার

গত মৌসুমে সান্ডারল্যান্ডের হয়ে ২৪ ম্যাচে মাঠে নেমেছেন হফমান। এই ২৪ ম্যাচে ৩২ গোল হজম করেছেন। আট ম্যাচে কোনো গোল হজম করেননি। ২৩ বছর বয়সী এই গোলকিপার এখন আছেন জার্মানিতে। জার্মান সংবাদমাধ্যম বিল্ডের সঙ্গে এই সময়ে একটি সাক্ষাৎকার দিতে গিয়েই তুলকালাম বাধিয়ে দিয়েছেন।

রন-থরবেন হফমান
ছবি: টুইটার

করোনায় আক্রান্ত হওয়ার পরও নাকি তাঁকে মাঠে নামিয়েছে ইংলিশ ক্লাব, এমন দাবি তাঁর, ‘আমি যখন সাত দিন কোয়ারেন্টিন করে এলাম, আমাকে সরাসরি গোলে পাঠিয়ে দেওয়া হলো। একটি পরীক্ষা নেওয়া হয়েছিল, যাতে পজিটিভের হালকা ইঙ্গিত ছিল। আমাকে করোনাভাইরাস নিয়ে খেলতে হয়েছে। শারীরিকভাবে আমি ভালো বোধ করছিলাম না। কিন্তু ক্লাব চাইছিল আমি যেন আরও শক্ত থাকি।’

এ ঘটনার কিছুদিন পর গত ফেব্রুয়ারিতে মিউনিখে একটি পরীক্ষা করাতে যান হফমান। এরপর সান্ডারল্যান্ডের হয়ে তাঁকে আর নামতে দেখা যায়নি। ইংলিশ ক্লাবটি এবার চ্যাম্পিয়নশিপে উঠেছে। হফমানের এমন অভিযোগে কড়া প্রতিবাদও জানিয়েছে তারা। বলেছে, এরই মধ্যে খেলোয়াড়ের এজেন্টের সঙ্গে যোগাযোগ করে এমন মন্তব্যের ব্যাখ্যা দাবি করা হয়েছে।

ক্লাব ওয়েবসাইটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সান্ডারল্যান্ড আজ বিল্ডে ছাপা হওয়া অভিযোগের স্পষ্ট প্রতিবাদ জানাচ্ছে। এই প্রতিবেদনে রন-থরবেন হফমানের ব্যাপারে বেশ কিছু মিথ্যা ও ভুল দাবি করা হয়েছে। ক্লাব এরই মধ্যে খেলোয়াড়ের প্রতিনিধির সঙ্গে এই মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে। ক্লাব সব সময় কর্মীদের সুরক্ষার কথা ভেবে কোভিড-১৯–সংশ্লিষ্ট সরকারি ও ইংলিশ ফুটবল লিগের নিয়ম মেনেছে।’