এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে কাল বাফুফের সভায় খসড়া যে বর্ষপঞ্জি নিয়ে আলোচনা হয়েছে, তাতে এই মুহূর্তে সবচেয়ে জরুরি তৃণমূল ফুটবল গুরুত্ব পায়নি। তৃণমূলে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ বা তারও কম বয়সীদের প্রশিক্ষণ ও টুর্নামেন্ট প্রয়োজন। কিন্তু ভুটান-লজ্জার পরও এসব নিয়ে বাফুফের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।
তবে আগামী বছর শেরেবাংলা জাতীয় ফুটবল ও সোহরাওয়ার্দী কাপ অনূর্ধ্ব-১৯ ফুটবল হবে। কিন্তু দিনক্ষণ চূড়ান্ত নয়। যদিও ভুটান বিপর্যয়ের পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, অনূর্ধ্ব-১৯ সোহরাওয়ার্দী কাপ হবে ডিসেম্বরে। কিন্তু ডিসেম্বরে টুর্নামেন্ট আয়োজনের কোনো আলামতই নেই।
ক্লাবগুলোর যুব টুর্নামেন্টেরই বা খবর কী? ফিফার কর্মকর্তা মাইক ফিস্টার পর্যন্ত বলে গেছেন দ্রুত ক্লাবগুলোর যুব টুর্নামেন্ট করতে। পেশাদার লিগের বাইলজে এটা বাধ্যতামূলক। কিন্তু এই গুরুত্বপূর্ণ আয়োজন গত বছর হয়নি। এবারও নেই, আগামী বছরের বর্ষপঞ্জিতে উপেক্ষিত হওয়ার অর্থ ক্লাবের যুব টুর্নামেন্ট নিয়ে বাফুফে গভীর ঘুমে আচ্ছন্ন!
বলা হচ্ছে, আগামী চার বছরের জন্য একটা বর্ষপঞ্জি তৈরি করা হচ্ছে। চার বছর অনেক দূরের পথ, এক বছরের বর্ষপঞ্জি করেই তো তা অনুসরণ করে না বাফুফে। বছরের পর বছর এভাবেই চলছে।
এবারও ব্যতিক্রম কিছু হবে বলে বিশ্বাস নেই বাফুফেরই অনেক কর্মকর্তার। আস্থার সংকট তীব্র হচ্ছে। সভা সূত্রে জানা গেছে, নিজেদের বোকামির জন্য বারবার এএফসিকে জরিমানা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সদুত্তর মেলেনি। সর্বশেষ এএফসি বাফুফেকে ২০ হাজার ডলার জরিমানা করেছে এ মাসেই সলিডারিটি কাপ থেকে নাম প্রত্যাহার করায়।
সভায় যে খসড়া বর্ষপঞ্জি আলোচনায় এসেছে, তা গতানুগতিক। নতুন কিছু নেই। বরং বিস্ময়কর যে ডিসেম্বরে চলতি প্রিমিয়ার লিগ শেষে পরের লিগটি কিনা শুরু হওয়ার কথা ১৮ আগস্ট। এর আগে ২০ জুলাই ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরুর কথা। লিগের প্রথম পর্ব শেষে ডিসেম্বরে জাতীয় দলের সাফ টুর্নামেন্টের জন্য লিগ বন্ধ রাখা হবে আবার ২ মাস!
প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর নিয়ে চলছে নাটক। কথা ছিল এই লিগ থেকে একটি দল উঠবে প্রিমিয়ারে। ইতিমধ্যে চ্যাম্পিয়নশিপ লিগ শুরুও হয়ে গেছে। অথচ বাইলজ ভেঙে দু-তিনটি ক্লাবের চাপে কাল দুটি দলকে প্রিমিয়ারে তোলার সিদ্ধান্ত হয়েছে। প্রিমিয়ার থেকে নামবে একটি। যার অর্থ আগামী প্রিমিয়ার লিগে একটি দল বেড়ে ১৩টি হবে!