ক্লাসিকো খেলো না: রিয়ালকে বার্সেলোনার রাজনীতিবিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের এল ক্লাসিকোর উত্তেজনা মাঠের বাইরেও ছড়াচ্ছে। ছবি: এএফপি
এবারের এল ক্লাসিকোর উত্তেজনা মাঠের বাইরেও ছড়াচ্ছে। ছবি: এএফপি
>বহুপ্রতীক্ষিত এল ক্লাসিকোর দেখা মিলছে অবশেষে। আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে রিয়ালের নিরাপত্তা শঙ্কায় ভুগছে সবাই

বহুদিন পর লা লিগার মাঝপথেও এমন জমজমাট লড়াই চলছে। ১৬ ম্যাচ শেষে সমান ৩৫ পয়েন্ট পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে যদিও বার্সেলোনা এগিয়ে আছে। আগামীকাল ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ব্যবধান বাড়িয়ে নেওয়ার লড়াইয়ে নামবে তারা। ওদিকে রিয়াল নামবে দুই মৌসুম পর বার্সেলোনাকে প্রথমবার হারানোর লক্ষ্য নিয়ে। কিন্তু সে ম্যাচই কি না রিয়ালকে খেলতে মানা করছেন বার্সেলোনার এক রাজনীতিবিদ!

কাতালুনিয়ার স্বাধীনতাকামী নয় নেতাকে কারাদণ্ড দেওয়াকে কেন্দ্র করে উত্তাল এই অঞ্চল। উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কা থাকায় ২৬ অক্টোবরের এল ক্লাসিকো পিছিয়ে ডিসেম্বরে আনা হয়েছে। ১৮ তারিখের এ ম্যাচ নিয়ে এরই মাঝে সকল প্রস্তুতি সারা। দুই দল কোন হোটেলে থাকবে সেটাও নির্ধারিত হয়ে গেছে। ম্যাচের পরিকল্পনা ও পরিস্থিতি নিয়ে জিনেদিন জিদান এর মাঝেই কথা বলেছেন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে। কিন্তু বার্সেলোনার রাজনীতিবিদ হুয়ান কার্লোস জিরোতা বলছেন, এ ম্যাচ খেলা ঠিক হবে না মাদ্রিদের।

বার্সেলোনায় জন্মগ্রহণ করা স্পেনের কংগ্রেস অব ডেপুটির এই সদস্যের ধারণা এল ক্লাসিকোর সুযোগে কাতালুনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা আবার শোরগোল তুলতে পারেন, ‘এটা নিশ্চিত যে এল ক্লাসিকোকে ব্যবহার করবে স্বাধীনতাকামীরা। কোটি কোটি দর্শকের সামনে তাদের বার্তা পাঠানোর চেষ্টা করবে তারা।’

এরই মাঝে এল ক্লাসিকো নিয়ে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে উগ্রপন্থী দল সুনামি ডেমোক্র্যাট। স্পেনের প্রতি আনুকূল্যের জন্য নিজ অঞ্চলে অচ্ছুত হয়ে পড়া ৫৮ বছর বয়সী জিরোতার দাবি, এই সংস্থাকে হালকাভাবে দেখা ঠিক হচ্ছে না রিয়াল বা লা লিগার। এ ম্যাচ না খেলে দরকার হলে বার্সেলোনাকে লিগে এগিয়ে দেওয়ার কথাও বলছেন তিনি,‘ সুনামি ডেমোক্র্যাটদের হেসে উড়িয়ে দেবেন না। এরা ভয়ংকর এবং এ ম্যাচকে তাদের প্রচারে ব্যবহার করবেন। আমাদের মতো অনেকেই এখন নির্বাসিত এদের কারণেই। অনেককেই আমাদের মতো কাতালুনিয়া ছাড়তে হয়েছে। আমি বিনয়ের সঙ্গে রিয়াল মাদ্রিদকে বলব এল ক্লাসিকো খেলতে যেও না। এতে তিন পয়েন্ট হারালেও না।’