ক্লাসিকো জিতেই বার্সার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারের পিএসসিতে যাওয়ার গুঞ্জন না থাকলে সুখী বার্সা পরিবারের আদর্শ ছবি হতে পারত এটি। বাংলাদেশ সময় কাল সকালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম জয়ের পর  l এএফপি
নেইমারের পিএসসিতে যাওয়ার গুঞ্জন না থাকলে সুখী বার্সা পরিবারের আদর্শ ছবি হতে পারত এটি। বাংলাদেশ সময় কাল সকালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম জয়ের পর l এএফপি

নামে প্রীতি ম্যাচ। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা মুখোমুখি হলে সেটা প্রীতি ম্যাচ থাকে নাকি! খেলাটা যেখানেই হোক, এল ক্লাসিকো এল ক্লাসিকোই। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কাল ভোরের ম্যাচে আবার সেটা প্রমাণ হলো। রোমাঞ্চকর ম্যাচটি শেষ হলো ৩-২ গোলে বার্সেলোনার জয়ে। তবে সব ছাপিয়ে এ ম্যাচে আলোচনার কেন্দ্রে ছিলেন বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। পিএসজিতে চলে যাচ্ছেন বলে কিছুদিন ধরেই তাঁকে নিয়ে গুঞ্জন। কেউ কেউ তো মনে করছেন, বার্সার জার্সিতে শেষ ম্যাচটাই খেলে ফেললেন নেইমার! মৌসুম শুরুর আগে এটাই আবার বার্সেলোনার শেষ প্রস্তুতি ম্যাচ।

নেইমার আসলেই শেষ ম্যাচটা খেলে ফেললেন কি না, তা সময়ই বলে দেবে। তবে এটা যদি তাঁর বিদায়ী ম্যাচ হয়, তবে পারফরম্যান্সটাও মনে রাখার মতোই হলো। না, গোল করেননি। তবে ইভান রাকিটিচ আর জেরার্ড পিকেকে দিয়ে দুটি দারুণ গোল করিয়েছেন।

৩ ও ৭ মিনিটে লিওনেল মেসি ও ইভান রাকিটিচের গোল ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিল বার্সাকে। ১৪ মিনিটে মাতেও কোভাচিচ আর ৩৬ মিনিটে মার্কো অ্যাসেনসিও সমতা ফিরিয়ে আনেন। তবে ৫০ মিনিটে করা জেরার্ড পিকের গোলটা অনেক চেষ্টা করেও আর শোধ করতে পারেনি রিয়াল। জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পর এ জয় দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ট্রফি জিতল বার্সা। অন্যদিকে রিয়াল পুরো টুর্নামেন্ট শেষ করল সব ম্যাচ হেরে।

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান অবশ্য প্রস্তুতি টুর্নামেন্টের ফল নিয়ে খুব একটা চিন্তিত নন, ‘এই হারগুলো নিয়ে ভাবছি না। যে রকম আশা করেছিলাম, ফল হয়তো সে রকম হয়নি। তবে আমাদের মূল লক্ষ্য, ৮ আগস্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইউরোপিয়ান সুপার কাপের ম্যাচের জন্য তৈরি হওয়া।’ ওই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন ছুটিতে থাকা পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো।

শুরুটা এভাবে হওয়ায় বার্সেলোনার নতুন কোচ আর্নেস্তো ভালভার্দে অবশ্য দারুণ আনন্দিত। আগস্টেই স্প্যানিশ সুপার কাপের দুই লেগে আবার মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা। তার আগে এ জয় বার্সেলোনাকে মানসিকভাবে অনেক এগিয়ে রাখবে বলেই মনে করছেন ভালভার্দে। নেইমারের দল ছাড়ার গুঞ্জন নিয়ে অবশ্য তাঁর তেমন ভাবান্তর নেই, ‘আমি গুঞ্জনে কান দিই না। নেইমার কয়েক সপ্তাহ আগেও আমাদের সঙ্গেই ছিল, এখনো আছে। আশা করছি, সে এই মৌসুমে বার্সার হয়ে বড় ভূমিকা রাখবে।’

কোচের আশা, আবার সতীর্থদের চাওয়া—সব মিলিয়ে ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার একটা প্রচ্ছন্ন চাপ তো নেইমারের ওপর আছেই। তবে সেই চাপটাও নেইমারকেই জয় করতে হবে বলে মনে করেন নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ দানি আলভেজ। গত মৌসুমে জুভেন্টাসে যোগ দিয়ে বার্সাকে অকৃতজ্ঞ, স্বার্থপর বলেছিলেন আলভেজ। এই মৌসুমে জুভেন্টাস থেকে গেলেন পিএসজিতে। কেউ কেউ এমনও বলছেন নেইমারকে পিএসজিতে ভাগিয়ে নেওয়ার কলকাঠি আলভেজই নাড়ছেন! তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার নেইমারকে দিয়েছেন বৈষয়িক উপদেশ, ‘নেইমারের সঙ্গে আমার প্রতিদিনই কথা হয়। সব সময় যে ফুটবল নিয়ে কথা বলি, তা নয়। আমি ওকে মাথা ঠান্ডা রাখতে বলছি। কারণ এমন পরিস্থিতিতে যত কথা ভেসে আসবে, তার সব কানে নিলে আপনার পাগুলে দশা হবে। আমি ওকে বলেছি, তোমাকে স্বার্থপর হতেই হবে। কারণ, যখন তুমি প্রত্যাশিত ফল এনে দিতে পারবে না, ক্লাবগুলো তোমার কথা একটুও ভাববে না। এর সবচেয়ে বড় উদাহরণ আমি।’

বন্ধুর কথাগুলোও নিশ্চয়ই ঠান্ডা মাথায় বিবেচনা করবেন নেইমার। এএফপি, রয়টার্স।