ক্লাসিকোতে থাকছেন না নেইমার
আভাস পাওয়া গিয়েছিল আগেই, কাল জানা গেল আনুষ্ঠানিক সিদ্ধান্তটাও। হ্যাঁ, নেইমারকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। ২৩ এপ্রিল রিয়াল মাদ্রিদের মাঠে হতে যাওয়া ‘এল ক্লাসিকো’ তাই নেইমারকে ছাড়াই খেলতে হবে লুইস এনরিকের দলকে।
মালাগার বিপক্ষে লিগের সর্বশেষ ম্যাচে চতুর্থ রেফারির প্রতি ‘অপমানসূচক হাততালি’ দেওয়ায় এ শাস্তি পেলেন বার্সেলোনা ফরোয়ার্ড। ওই ম্যাচেই দুই অর্ধে দুটি হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখেছেন নেইমার। দুই হলুদ কার্ডের কারণে এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ হতেন। সে ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিতে খেলতে তাঁর কোনো অসুবিধাই হতো না। কিন্তু লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যাওয়ার সময় সেদিন চতুর্থ রেফারির দিকে তাকিয়ে হাততালি দিয়েছিলেন নেইমার। বাড়তি শাস্তিটা সে কারণেই। নিষেধাজ্ঞার কারণে লিগে রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ ও ওসাসুনার বিপক্ষে ম্যাচ তিনটিতে খেলতে পারবেন না ২৫ বছর বয়সী বার্সেলোনা ফরোয়ার্ড। ইএসপিএন।