প্রিমিয়ার ফুটবল লিগ নানা অজুহাতে যখন-তখন বন্ধ হয়। আগামীকাল থেকে এটি আবার বন্ধ হয়ে যাচ্ছে তিন সপ্তাহের জন্য। ১ বা ২ অক্টোবর নবম রাউন্ডের খেলা শুরু হতে পারে। এবার বন্ধ হওয়ার কারণ, ভুটানে অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবল। তবে জাতীয় দল হলে না হয় একটা কথা ছিল, যুবদলের জন্যও এভাবে চলমান একটা লিগ বন্ধ করায় ক্ষতিপূরণ দাবি করেছে লিগের স্বত্ব কেনা প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টস।
প্রতিষ্ঠানটির কর্ণধার তরফদার রুহুল আমিন কাল সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করেন, এই বিরতি দেওয়ার আগে বাফুফে তাঁদের সঙ্গে আলোচনা করেনি। এখন সাইফ যেসব স্পনসর নিয়েছে, তারা নাকি টাকা ফেরত চাইছে। তরফদার বলেছেন, ‘এখন আমি টাকা ফেরত দেব কোথা থেকে। বাফুফেকে আমরা চিঠি দিয়ে বলব, ক্ষতিপূরণ দিন। নইলে এই লিগের সঙ্গে থাকা সম্ভব হবে না আমাদের পক্ষে।’
সাইফ গ্লোবাল স্পোর্টসের ক্ষোভ আরও আছে। প্রতিদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম খেলাটি সরাসরি দেখায় বাংলা টিভি। তাদের একটা পরিকল্পনা তো আছে লিগ নিয়ে। কিন্তু এভাবে বারবার লিগ বন্ধ করায় টিভি সম্প্রচারেও সমস্যা হচ্ছে এবং ভবিষ্যতে আরও হবে। সবচেয়ে বড় কথা, এভাবে লিগ হওয়ায় দলগুলোর খেলার কোনো ধারাবাহিকতা থাকে না। আবার নতুন করে শুরু করতে হয়। নষ্ট হয়ে যায় খেলার আকর্ষণও।