ক্ষমা চাইল বার্সেলোনা

ম্যাচ শেষ হয়ে গেছে একটু আগেই। সংবাদ সম্মেলনকক্ষে প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন গেটাফের ভিক্টর রদ্রিগেজ। হঠাৎ কারা যেন হেঁড়ে গলায় চিৎকার করতে করতে ছুটে এল। কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারীরা হুড়মুড় করে ঢুকে পড়ল সম্মেলনকক্ষে। খানিক পরই সবাই বুঝতে পারল, মুখোশধারীরা আসলে প্রতিপক্ষ বার্সেলোনারই কয়েকজন। কিন্তু ব্যাপারটা সহজভাবে নিতে পারেনি গেটাফে, যে কারণে বার্সেলোনাকে ক্ষমা চাইতে হয়েছে বিবৃতি দিয়ে।
কিন্তু পরশু অমন কিম্ভূতকিমাকার মুখোশ পরে কেন এসেছিলেন বার্সা খেলোয়াড়েরা? পশ্চিমা দেশগুলোতে এই সপ্তাহে চলছে হ্যালোইন উদ্যাপন। কোচ লুইস এনরিকেকে চমকে দেওয়ার জন্যই কাজটা করেছিলেন পিকে, সুয়ারেজ, নেইমার, বার্ত্রা ও আলবা। কিন্তু কক্ষে ঢুকেই পাঁচজন বুঝতে পারলেন, তাঁরা বাড়াবাড়ি করে ফেলেছেন। একটু পর কক্ষও ছেড়ে গেছেন। তবে গেটাফে ব্যাপারটাকে নিয়েছে অপমান হিসেবে। হতভম্ব রদ্রিগেজের প্রতিক্রিয়াতেই সেটি পরিষ্কার, ‘এটা আসলেই অশ্রদ্ধা। আমার মনে হয় না কাজটা ঠিক হয়েছে। নিজেদের কাজের দায় নিজেদেরই নিতে হবে।’ গেটাফের আরেক খেলোয়াড় মেহদি লাসেনের সুর আরও চড়া, ‘আমরা ন্যু ক্যাম্পে যদি জিততাম কখনোই এই কাজটা করতাম না। আমি জানি না ব্যাপারটা পরিকল্পিত কি না। তবে কাজটা ঠিক হয়নি, এটা বলতে পারি।’
ম্যাচটা অবশ্য ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা। কিন্তু এসব নিয়ে সমালোচনায় শেষ পর্যন্ত তাদের দিতে হলো বিবৃতি, ‘এটা দুর্ভাগ্যজনক ও অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ছিল। আমরা ভিক্টর রদ্রিগেজের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। গেটাফের কেউ এতে অপমানিত বোধ করলে আমরা আবারও ক্ষমা চাইছি।’ মার্কা, এএস।