ক্ষমা চাইলেন ওয়েঙ্গার

স্টামফোর্ড ব্রিজে গত ৫ অক্টোবর ম্যাচটায় কেবল খেলোয়াড়েরাই লড়াইয়ে লিপ্ত হননি, হয়েছিলেন কোচেরাও। চেলসি ও আর্সেনালের দুই ঝানু কোচ—হোসে মরিনহো-আর্সেন ওয়েঙ্গার হঠাৎই রক্তচক্ষু নিয়ে হয়ে পড়লেন মুখোমুখি, চালালেন তীব্র বাদানুবাদ। কেবল বাদানুবাদে লিপ্ত থাকলেও ঠিক ছিল, কিন্তু ওয়েঙ্গার যে ধাক্কাই মেরে বসলেন মরিনহোকে! ঘটনাটির সপ্তাহ অতিবাহিত হওয়ার পর অনুশোচনাতেই কি না, আর্সেনাল কোচ বুঝলেন কাজটা ঠিক হয়নি। তিনি ক্ষমাই চাইলেন ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য।
৬৪ বছর বয়সী ওয়েঙ্গার এক ফরাসি টেলিভিশনকে বলেছেন, ‘ঘটনার পর মনে হয়েছে আসলে ওভাবে প্রতিক্রিয়া দেখানো আমার উচিত হয়নি। ফুটবল মাঠে এভাবে প্রতিক্রিয়া দেখানো যায় না। গুরুতর কিছু ঘটে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমাও চাচ্ছি।’ আর্সেনাল কোচের মেজাজ হারানোর পেছনে মরিনহোর ভূমিকা ছিল কি না, জানতে চাইলে ওয়েঙ্গারের জবাব, ‘আমাকে মরিনহো উত্তেজিত করেছিল, আমি এমনটিই মনে করি। চেলসির টেকনিক্যাল এলাকায় প্রবেশ করিনি।’
এখন দুঃখ প্রকাশ করলেও ঘটনার দিন কিন্তু দুঃখ প্রকাশে অস্বীকৃতিই জানিয়েছিলেন ওয়েঙ্গার। ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় আর্সেনাল কোচ বলেছিলেন, ‘এ জন্য আমি মোটেও দুঃখ প্রকাশ করব না। এখানে দুঃখ প্রকাশের কী আছে?’
এদিকে একই চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে মরনিহো অবশ্য বল ঠেলেছেন ওয়েঙ্গারের দিকেই। বলেছেন, ‘ঘটনাটি আসলে কী ঘটেছে, সেটা ওয়েঙ্গারই ব্যাখ্যা করুক। এ ব্যাপারে আমি কিছুই বলব না। সবাই যেখানে ভিডিও-ছবিতে দেখেছে, সেখানে আমার ব্যাখ্যা করার কিছু নেই।’
ওয়েঙ্গার শান্তির সাদা পতাকা ওড়ালেও মরিনহোর দিক দিয়ে কিন্তু তা বোধ হয় এখনই উড়ছে না! সূত্র: ডেইলি মেইল।