বাফুফে ভবন কাল সকাল থেকেই সরগরম। একেকজন ফুটবলার আসছেন আর তাঁকে ঘিরে ধরছে সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের এই কৌতূহল এটি জানার জন্য যে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় দল থেকে বাদ পড়া সাত ফুটবলার বাফুফের বিশেষ কমিটির সামনে কী বলেন?
তাবিথ আউয়াল ছিলেন না। কমিটির বাকি দুই সদস্য বাফুফের সহসভাপতি বাদল রায় ও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের সামনে আত্মপক্ষ সমর্থনে নানা যুক্তি তুলে ধরেন সাত খেলোয়াড়ের ছয়জনই—মামুনুল ইসলাম, ইয়াছিন খান, ইয়ামিন মুন্না, সোহেল রানা, আতিকুর রহমান মিশু ও গোলরক্ষক শহিদুল আলম সোহেল। এঁরা কেউই সে অর্থে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ মেনে নেননি।
তবে ব্যতিক্রম হয়ে থাকলেন জাহিদ হোসেন। কথাবার্তায় সহজ-সরল এই উইঙ্গারের মনে কোনো জড়তা নেই, বরং আছে অনুশোচনা বোধ। বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালের আগে রাত ২টায় মদ্যপ অবস্থায় হোটেলে ফেরার কথা অকপটেই স্বীকার করেছেন কমিটির সামনে। সেই স্বীকারোক্তি দিতে উদ্গ্রীব ছিলেন বলে বেলা ১১টায় তাঁকে ডাকা হলেও টাঙ্গাইল থেকে বাফুফে ভবনে এসে হাজির দুই ঘণ্টা আগে! তাঁর নিজেরই হয়তো উপলব্ধি হয়েছে, জাতীয় দলের ক্যাম্পে থেকে এমন বাজে দৃষ্টান্ত স্থাপন করাটা বড় ভুল হয়েছে।
সংবাদমাধ্যমের কাছেও পরে সব দোষ স্বীকার করেছেন নির্দ্বিধায়, ‘আমি ভুল করেছি, তার জন্য ক্ষমাও চেয়েছি কমিটির কাছে।’ জাহিদ বারবারই মাঠের বাইরের নানা কারণে খবরে আসেন, তবে এবারেরটিকেই বলছেন তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। সেই ভুল শুধরে হতে চান একজন পরিণত ফুটবলার, ‘কমিটিকে অনুরোধ করেছি আমাকে একটা সুযোগ দিতে, ভবিষ্যতে এমন করলে যেকোনো শাস্তি মাথা পেতে নেব। এও বলেছি, প্রয়োজনে আমি মুচলেকা দেব।’
কাঠগড়ায় ওঠা বাকি ছয় খেলোয়াড়কে নানাভাবে জেরা করা হয়েছে। দলে কারা মদ্যপান করেন, কারা খেলার প্রতি উদাসীন, কারা সাফ ও বঙ্গবন্ধু গোল্ড কাপে ভরাডুবির জন্য দায়ী? এসব প্রশ্নে খেলোয়াড়েরা ব্যক্তিগত দায় এড়ালেও দলে শৃঙ্খলা ভেঙে পড়া এবং আরও কিছু বিষয় পরোক্ষভাবে স্বীকার করে নিতে বাধ্যই হয়েছেন। না করে উপায় কী! খেলোয়াড়দের অনেকেই তো বলেছেন দলে শৃঙ্খলা বলে কিছু ছিল না।
তবে অধিনায়ক মামুনুল তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আবারও উড়িয়ে দিয়েছেন। গত কয়েক দিনের মতো তাঁর কণ্ঠে কালও একই সুর, ‘আমি কোনো অন্যায় করিনি। নিজের সেরাটা মাঠে দেওয়ার চেষ্টা করেছি। ওই ম্যাচগুলোয় গোল পেলে আজ এত কথা উঠত না।’ দলটাকে সঠিকভাবে নেতৃত্ব দিতে না-পারার ব্যর্থতা খণ্ডানোরও চেষ্টা করেছেন নানা যুক্তি দিয়ে।
খেলোয়াড়দের বক্তব্য জাতীয় দল কমিটির কাছে পাঠাবে বিশেষ কমিটি। শাস্তির প্রস্তাব তৈরি করবে জাতীয় দল কমিটিই, যা চূড়ান্তভাবে অনুমোদন করবে বাফুফের নির্বাহী কমিটি। তাই খেলোয়াড়দের জেরা শেষে বাদল রায় কোনো মন্তব্যই করেননি।