ক্ষমা চাইলেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাইলে থাকতে পারতেন দলে। ব্রাজিল কোচ দুঙ্গা তাঁকে সেই সুযোগও দিয়েছিলেন। কিন্তু নেইমার ঠিক করলেন দলের সঙ্গে থাকাটা বরং খারাপ হতে পারে। কাল ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন, ক্যাম্প ছেড়ে যাচ্ছেন চার ম্যাচ নিষিদ্ধ ব্রাজিল অধিনায়ক। পাগুলে কাণ্ডের
জন্য ক্ষমাও চেয়েছেন সতীর্থদের কাছে।
পরশু দুঙ্গা জানিয়েছিলেন, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নেইমারের চার ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারে। কাল সেই সিদ্ধান্ত থেকে সরে এল সিবিএফ। যার মানে ব্রাজিল যদি ফাইনালেও ওঠে, কোপায় আর খেলা হচ্ছে না নেইমারের। দলের সঙ্গে তাই থাকবেন না বলেই ঠিক করেছেন এই স্ট্রাইকার, ‘আমার আশা ছিল, ব্রাজিলের হয়ে কোপায় হয়তো খেলা হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা আর সম্ভব নয়। আমি জানি, আমার উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু বাকিদের সামনের ম্যাচ নিয়ে এখন আরও বেশি মনোযোগী হতে হবে। আমি দলের সাফল্যের জন্য চিৎকার করব, কিন্তু অনুশীলনে আর থাকব না। কোনো লক্ষ্য ছাড়া অনুশীলন করার মানে হয় না।’
বার্সা তারকা এটাও মানছেন যে, ‘দলের সঙ্গে থাকলে অনেকের মনোযোগ নড়ে যেতে পারে।’ দুঙ্গা দ্বিতীয় দফা দায়িত্ব নেওয়ার পরই দলের অধিনায়ক হয়েছেন। ২২ বছর বয়সেই অধিনায়কত্ব পাওয়ায় অনেকেই ভুরু কুঁচকে ফেলেছিলেন তখন। টানা ১০ মাচ জিতে নেইমার জানান দিয়েছেন অধিনায়কত্ব ব্যাপারটা তাঁর মধ্যে আছে। কিন্তু স্রেফ একটা ঘটনায় সেটি প্রশ্নবিদ্ধ হয়ে গেল। নেইমারের আত্মপক্ষ সমর্থন, ‘আমি দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব কখনো এড়িয়ে যাইনি। অধিনায়ক হিসেবে সিদ্ধান্ত আমিই নিই, সেটা ঠিক হোক আর ভুল হোক।’ তবে এবার নিজের ভুলটা মেনে নিলেন, ‘আমি সতীর্থদের এ রকম পরিস্থিতিতে ফেলার জন্য ক্ষমা চাইছি, আমার ক্যারিয়ারে এটা একটা শিক্ষা হয়ে থাকবে।’ গোলডটকম।