ক্ষমা চাইলেন ভিদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে অশ্রু ধরে রাখতে পারলেন না ভিদাল l এএফপি
সংবাদ সম্মেলনে অশ্রু ধরে রাখতে পারলেন না ভিদাল l এএফপি

চোখে জল, কণ্ঠ বাষ্পরুদ্ধ। সাংবাদিকদের সামনে আর্তুরো ভিদাল আবেগটা ধরে রাখতে পারলেন না। একটু হলে নিজের তো বটেই, স্ত্রীর জীবনও হুমকির মুখে ফেলে দিয়েছিলেন। সেই অপরাধের জন্য ক্ষমা চাইলেন চিলিয়ান মিডফিল্ডার।
ঘটনাটা গত পরশুর। মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় সান্তিয়াগোর দক্ষিণে ভিদালের ফেরারি গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় আরেকটা গাড়ির। সঙ্গে সঙ্গেই আহত ভিদাল ও তাঁর স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ভিদাল গলায় সামান্য চোট পেয়েছেন, তবে স্ত্রীর চোট গুরুতর। ওই রাতটা ভিদালকে থাকতে হয় পুলিশি হেফাজতে। তবে গ্রেপ্তার করা হয়নি তাঁকে।
পরের দিন ছাড়া পেয়ে চিলির দলে যোগ দেন চলমান কোপা আমেরিকায় তিন গোল করা মিডফিল্ডার। দলে ফিরে ক্ষমা চেয়েছেন তিনি সবার কাছে, ‘সবাই মনে হয় জেনে গেছেন মাতাল অবস্থায় একটা দুর্ঘটনা হয়েছে আমার। স্ত্রী ও অন্যদের জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছি। আমি লজ্জিত ও দুঃখিত, শুধু ক্ষমাই প্রার্থনা করতে পারি আমি।’
এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ভিদালকে কি কোপা আমেরিকার দলে রাখা হবে? মদ্যপ হয়ে গাড়ি চালানো চিলির আইনে খুবই দণ্ডনীয়। ভিদালের ড্রাইভিং লাইসেন্স এর মধ্যেই স্থগিত করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে দুই বছরের জন্য হয়তো গাড়ি চালাতে পারবেন না জুভেন্টাস তারকা। তবে চিলির কোচ হোর্হে সামপাওলির সহানুভূতিই তিনি পাচ্ছেন, ‘সে মাত্র এসেছে। আমরা ওকে বোঝানোর চেষ্টা করব সে বড় একটা ভুল করেছে। এটা এমন কিছু নয় যে কারণে ওকে নিষিদ্ধ করতে হবে।’ এএফপি, রয়টার্স।