ক্ষমা চাইলেন রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ লুই ফন গাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেই স্বীকার করেছিলেন লাল কার্ডটা ওয়েইন রুনির পাওনাই ছিল। রুনিও নিজের অপরাধ আড়াল করলেন না। কোনো অজুহাত না খুঁজে অকপটে স্বীকার করলেন লাল কার্ড তাঁর প্রাপ্য ছিল, রেফারির বিচারটা ঠিকই আছে। তিন ম্যাচের নিষেধাজ্ঞা মেনে নিয়ে তাই ক্ষমা চেয়েছেন সতীর্থ এবং সমর্থকদের কাছে।
‘এটা লাল কার্ডই ছিল। আমার মনে হয় না, এ সিদ্ধান্তের বিপক্ষে আপিল করে কোনো লাভ হবে। সম্ভবত এটা সঠিক সিদ্ধান্তই ছিল। আমি দেখলাম ওয়েস্ট হামের খেলোয়াড়েরা প্রতি-আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। আমি তাই খেলাটা থামিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল’—সরল স্বীকারোক্তি রুনির। গত শনিবার ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচের ৫৯ মিনিটে স্টুয়ার্ট ডাউনিংকে দৃষ্টিকটু ফাউল করে লাল কার্ড দেখেন রুনি। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে যেটি তাঁর ক্যারিয়ারে ষষ্ঠ লাল কার্ড। অথচ ম্যাচের পঞ্চম মিনিটে দলকে প্রথম এগিয়ে দিয়েছিলেন তিনিই।
শেষ পর্যন্ত দল ২-১ গোলে জিতলেও অহেতুক লাল কার্ড দেখে দলকে বিপদেই ফেলে দিয়েছিলেন রুনি। বাকি সময়টুকু সমতা ফেরাতে মরিয়া ওয়েস্ট হামের বিপক্ষে ১০ জন নিয়ে খেলাটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সহজ ছিল না। তবে নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করে দলকে শেষ পর্যন্ত জয় এনে দিতে পারায় সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন অধিনায়ক রুনি। চেয়েছেন ক্ষমা। যদিও ক্ষমা চেয়েছেন শুধু দল ও সমর্থকদের কাছে, ডাউনিংয়ের কাছে নয়।
নিষেধাজ্ঞায় এভারটন, চেলসি ও ওয়েস্ট ব্রমের বিপক্ষে ম্যাচ তিনটি খেলতে পারবেন না রুনি। তবে এতে হতাশার পিঠে একটা প্রাপ্তিও দেখছেন ইংল্যান্ড অধিনায়ক। আগামী মাসে সান ম্যারিনো ও এস্তোনিয়ার বিপক্ষে ২০১৬ ইউরোর বাছাইপর্বের ম্যাচ ইংল্যান্ডের। তার আগে এই বিশ্রামটা কাজে দেবে বলেই মনে করছেন রুনি। এএফপি, বিবিসি।

রুনির ৬ লাল কার্ড
১
২৭ সেপ্টেম্বর ২০১৪ ইউনাইটেড-ওয়েস্ট হাম
(জয় ২-১ গোলে, লিগে)

২
৭ অক্টোবর ২০১১
ইংল্যান্ড-মন্টেনেগ্রো
(২-২, ২০১২ ইউরো বাছাই)

৩
২১ মার্চ ২০০৯ ইউনাইটেড-ফুলহাম
(হার ০-২, লিগে)

৪
১ জুলাই ২০০৬ ইংল্যান্ড-পর্তুগাল (০-০, পেনাল্টিতে হার ১-৩, বিশ্বকাপে)

৫
১৪ সেপ্টেম্বর ২০০৫ ইউনাইটেড-ভিয়ারিয়াল
(০-০, চ্যাম্পিয়নস লিগ)

৬
২৬ ডিসেম্বর ২০০২ এভারটন-বার্মিংহাম
(১-১, লিগে)