ক্ষমা চাইলেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদোর শরীরী  ভাষাই জানাল তাঁর হতাশা। পরশু বার্নাব্যুতে l এএফপি
ক্রিস্টিয়ানো রোনালদোর শরীরী ভাষাই জানাল তাঁর হতাশা। পরশু বার্নাব্যুতে l এএফপি

সান্তিয়াগো বার্নাব্যুতে আক্ষরিক অর্থে ‘ঠাঁই নাই, ঠাঁই নাই’ অবস্থা। ব্যালন ডি’অর নিয়ে রাজপুত্র ঘরে ফিরেছেন, তাঁকে অভ্যর্থনা না জানালে কি চলে? ম্যাচ শুরুর আগে ক্রিস্টিয়ানো রোনালদোকে অভিনন্দন জানাতে গ্যালারিতে ছিল বিশাল একটা ব্যানার। ব্যালন ডি’অর অনুষ্ঠান থেকে কিছু না-কিছু নিয়ে ফিরেছেন সার্জিও রামোস, টনি ক্রুস আর হামেস রদ্রিগেজও, সিআর সেভেনের সঙ্গে হাসিমুখে তাঁরাও ক্যামেরাবন্দী হলেন। কিন্তু খেলা শুরুর এক মিনিটের মধ্যে ‘রোনালদো, রোনালদো’ রব চুপসে গেল। ফার্নান্দো তোরেস যে তখনই অ্যাটলেটিকো মাদ্রিদকে কোপা ডেল রের শেষ আটের দরজা দেখিয়ে দিয়েছেন!
আগের লেগটা অ্যাটলেটিকোর মাঠে গিয়ে ২-০ গোলে হেরে আসায় রিয়ালকে নিজেদের মাঠে জিততে হতো অন্তত তিন গোলে। কিন্তু ৪৬ সেকেন্ডেই আঁতোইন গ্রিজমানের ক্রসে তোরেস গোল করে বসেন। স্তম্ভিত বার্নাব্যু! রিয়াল এরপর তেঁড়েফুঁড়ে খেলে রামোসের কল্যাণে একটা গোলও শোধ করে দেয়। কিন্তু তোরেস যেন দিনটা নিজের করে নেবেন বলেই পণ করেছেন। আর কী আশ্চর্য যে, দ্বিতীয় গোলটাও করলেন দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই। রোনালদোর হেডে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ (২-২)। সান্ত্বনা ওটুকুই যে রিয়ালকে হারাতে পারেনি অ্যাটলেটিকো, কিন্তু কোপা ডেল রে থেকে বিদায় হয়ে গেল রিয়ালের। দুই লেগ ৪-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেল অ্যাটলেটিকো। এলচেকে দুই লেগ মিলিয়ে ৯-০ গোলে হারিয়ে যে মঞ্চে এসে দাঁড়িয়েছে বার্সেলোনা।
সেই চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর থেকেই অ্যাটলেটিকো যেন রিয়ালের কাছে দুর্বোধ্য এক ধাঁধা হয়ে উঠেছে। পরের টানা পাঁচ ম্যাচে মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো অপরাজিত—তিন জয়, দুই ড্র। ১৯৭৯-৮০ মৌসুমের পর অ্যাটলেটিকোর এই কীর্তি প্রথম। কোপা ডেল রের শেষ ষোলোর মঞ্চটা সাজানোই ছিল রোনালদোর জন্য। ব্যালন ডি’অর নিয়ে ফিরেছেন, অ্যাটলেটিকোর সঙ্গে দুর্দান্ত কিছুই তো করার কথা ছিল তাঁর। একটা গোল পেলেও রোনালদো তাঁর সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না।
রোনালদো নিজেই বুঝতে পেরেছেন, উজ্জ্বল উপলক্ষটা পণ্ড হয়ে যাওয়ায় সমর্থকেরা কতটা হতাশ। ম্যাচের পর মিক্সড জোনে দাঁড়িয়ে ভক্তদের কাছে ক্ষমাই চাইলেন, ‘আমি শুধু দলের পক্ষ থেকে সমর্থকদের কাছে ক্ষমা চাইতে পারি, দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালো খেলতে পারতাম।’ ম্যাচে নিজের নিষ্প্রভ পারফরম্যান্সের সপক্ষে তাঁর অজুহাতও আছে, ‘আপনি সব ম্যাচে গোল করতে পারবেন না, সেরাটাও দিতে পারবেন না। আমি তো অন্য গ্রহ থেকে আসিনি।’ দাবি করেছেন, পুরোপুরি ফিট ছিলেন না। তবে আশ্বস্ত করেছেন হাঁটুর চোট ভোগাচ্ছে না।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ব্যর্থতার দায় চাপিয়েছেন রক্ষণের ওপর। অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের মতে প্রথম গোলটাই পাল্টে দিয়েছে ম্যাচের গতিবিধি, ‘প্রথম গোলটাই ম্যাচের ছন্দ নষ্ট করে দিয়েছে। এটা ঠিক পরিকল্পনায় ছিল না।’
পরশুই শেষ আটে অ্যাটলেটিকোর সঙ্গী হয়েছে বার্সেলোনা। আগের লেগে ৫-০ গোলে জিতেই এক পা এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। পরশু মেসি, নেইমার, সুয়ারেজদের ছাড়া বলতে গেলে দ্বিতীয় দল নিয়েই বার্সা এলচেকে হারিয়েছে ৪-০ গোলে। গোল পেয়েছেন ম্যাথু, রবার্তো, পেদ্রো ও আদ্রিয়ানো। এএফপি, রয়টার্স।