ক্ষমা চাইলেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল কার্ড দেখে লজ্জিত ক্রিস্টিয়ানো রোনালদো l এএফপি
লাল কার্ড দেখে লজ্জিত ক্রিস্টিয়ানো রোনালদো l এএফপি

কাজটা করেই ক্রিস্টিয়ানো রোনালদো বুঝতে পেরেছিলেন, বড় ভুল হয়ে গেছে! তাই মাথা নিচু করেই মাঠ ছেড়েছেন। ম্যাচ শেষ হওয়ার খানিক পরেই সিআর-সেভেনের টুইট, ‘আমি আমার কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। বিশেষ করে এডিমারের কাছে।’ কিন্তু অনুতাপ করার মতো কী এমন করেছেন রোনালদো?
ঘটনাটা এখন প্রায় সবার জানা। পরশু কর্দোবার সঙ্গে ম্যাচে রোনালদো নিজেকে হারিয়ে খুঁজছিলেন। শেষ পর্যন্ত ৮২ মিনিটে মেজাজ হারিয়ে চড় ও লাথি মেরে বসেন প্রতিপক্ষের লেফটব্যাক এডিমারকে। রেফারি খুব কাছেই দাঁড়িয়ে ছিলেন, লাল কার্ড দেখানো ছাড়া উপায় ছিল না। ভাগ্য ভালো, রিয়ালকে এটির মূল্য দিতে হয়নি। শেষ বাঁশির তিন মিনিট আগে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ২-১-এ দলকে জিতিয়েছেন গ্যারেথ বেল। এই জয় এখনো লা লিগার শীর্ষেই রেখেছে রিয়ালকে।
ম্যাচ শেষে অবধারিতভাবে এই প্রশ্নের মুখোমুখি হয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমি কিছুই দেখিনি। আমি ওর (রোনালদো) সঙ্গে এখনো কথা বলিনি। কী হয়েছে সেটা আমি বলতে পারছি না।’ পরে গ্যারেথ বেল সতীর্থের পাশেই দাঁড়িয়েছেন, ‘রোনালদো তার লাল কার্ড নিয়ে খুবই হতাশ। তবে ফুটবলে এ রকম হতেই পারে।’
কিন্তু রোনালদোর এই আচরণ আবার এডিমার ক্ষমা করে দিয়েছেন, ‘রোনালদোর মাথা হয়তো একটু গরম হয়ে গিয়েছিল। সে একটু হতাশও হয়েছিল। ওর কিছুই ঠিকঠাক হচ্ছিল না। কিন্তু এটা আমাদের যে কারও হতে পারে। আমি ওকে ক্ষমা করে দিয়েছি, কোনো রাগ পুষে রাখছি না।’
এডিমার ক্ষমা করে দিলেও নিয়মের নিগড় থেকে রোনালদো রেহাই পাবেন না। মাঠে অভব্য আচরণের জন্য তাঁর তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা। তবে স্প্যানিশ দৈনিক মার্কা জানাচ্ছে, রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ তাঁর প্রতিবেদনে ইচ্ছে করে লাথি মারার ব্যাপারটা উল্লেখ করেননি। সেটা হলে রোনালদো এক ম্যাচের ওপর দিয়েই পার পেয়ে যেতে পারেন!
রিয়াল পয়েন্ট হারালে বার্সেলোনার রাতটা সব দিক দিয়েই দুর্দান্ত হতে পারত। মাঠে এলচেকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। লিওনেল মেসি ও নেইমার দুটি করে গোল করেছেন, করিয়েছেনও। বার্সার অন্য দুটি গোল পিকে ও পেদ্রোর। ২১ গোল নিয়ে রোনালদোর (২৮) সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন মেসি। ম্যাচ শেষে নেইমারের কথা থেকে বোঝা যায়, দলের এখন উত্তুঙ্গ আত্মবিশ্বাস, ‘এ রকম খেলতে থাকলে আমাদের হারাটা কঠিন।’ এএফপি, গোলডটকম।