ক্ষমা চাইলেন রোনালদো

ব্যালন ডি’অর জেতার টাটকা স্মৃতি নিয়েই গত রাতে ঘরের মাঠে কোপা ডেল রের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সোনালি ট্রফিটা মাঠেও নিয়ে এসেছিলেন। তবে কোপা ডেল রে থেকে রিয়ালের বিদায়ের পর রোনালদোর সেই আনন্দে কিছুটা ভাটা পড়েছে। ম্যাচ শেষে তো ক্ষমাই চাইলেন রিয়াল তারকা।
যদিও তাঁর দারুণ এক হেডে ম্যাচে ফিরেছিল রিয়াল। তবে বিদায় এড়াতে পারেনি কার্লো আনচেলত্তির দল। ২৯ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গার বললেন, ‘প্রতিটি ম্যাচে শতভাগ দেওয়া কঠিন। আমি অন্য কোনো গ্রহ থেকে আসিনি। দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি। হয়তো আমরা আরও ভালো করতে পারতাম।’
রিয়ালের পরের ম্যাচ রোববার। লা লিগায় গেটাফের বিপক্ষে নামবেন আনচেলত্তির ছাত্ররা। পয়েন্ট টেবিলে রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। রোনালদো অবশ্য গত রাতের পরাজয়কে ইতিবাচকভাবে দেখে সামনেই তাকাতে চান, ‘পরাজয় কখনো ভালো নয়। তবে আপনাকে ইতিবাচকভাবে চিন্তা করতে হবে। দল আবারও সেরা অবস্থায় ফিরে আসবে। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার খুব ভালো সুযোগ আছে আমাদের।’ তথ্যসূত্র: রয়টার্স।