ক্ষমা চাইলেন সালাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন

হোটেল সোনারগাঁওয়ের বলরুমে অনুষ্ঠানমঞ্চের দুই পাশে দুটি প্রজেক্টর। অনুষ্ঠানের শুরুতে পর্দায় ভেসে উঠল বঙ্গবন্ধু গোল্ডকাপের ফ্ল্যাশব্যাক। দেখানো হলো গত টুর্নামেন্টের কিছু অডিও ভিজুয়াল ডকুমেন্টারি। গ্যালারি উপচানো দর্শকের হৃদয় ভেঙে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রফিটা তুলে দিলেন মালয়েশিয়ার অধিনায়কের হাতে। আবারও দুয়ারে কড়া নাড়ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। আগামী ৮-২০ জানুয়ারি অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট নিয়ে এবার নতুন স্বপ্ন দেখছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অবশ্য তার আগে সাফের ব্যর্থতার জন্য কাল জাতির কাছে তাঁকে ক্ষমা চাইতে হলো।
সোনারগাঁও হোটেলে কাল একই সঙ্গে হয়ে গেল বঙ্গবন্ধু গোল্ডকাপের আয়োজক কমিটির সভা এবং টুর্নামেন্টের ড্র। ‘এ’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ জাতীয় দল। ‘বি’ গ্রুপে বাহরাইন, মালদ্বীপ, কম্বোডিয়া ও বাংলাদেশ অলিম্পিক দল। উন্মুক্ত অনুষ্ঠানে আসলে ড্র হয়নি। শুধু পর্দা উঠিয়ে দেখানো হয়েছে কোন দল কোন গ্রুপে পড়েছে। গত আসরের মতোই ড্র সমঝোতার ভিত্তিতে। অনুষ্ঠান শেষে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, ‘গত নভেম্বরে এএফসি অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে এই টুর্নামেন্টে অংশ নেওয়া বেশির ভাগ দলই এসেছিল। তাদের সঙ্গে আলোচনা করেই এভাবে টুর্নামেন্টের ড্র করা হয়েছে। টুর্নামেন্টটা প্রতিদ্বন্দ্বিতামূলক করতেই এভাবে ড্র করা।’ টুর্নামেন্টে মালয়েশিয়া ও বাহরাইনের নির্বাচিত একাদশ পাঠাবে। বাকিরা তাদের সেরা দলটাই পাঠাবে।

সাফের ব্যর্থতার রেশ এখনো কাটেনি। কাল ড্র অনুষ্ঠানে তাই ঘুরেফিরে এল সাফ নিয়ে কাটাছেঁড়া। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ক্ষমা চাইলেন জাতির কাছে, ‘গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার দিনটা বাংলাদেশের ফুটবলের জন্য দুঃখের একটা দিন। সাফে বাংলাদেশ ভালো খেলেনি। ফুটবলারদের ব্যর্থতার জন্য আমি লজ্জিত। আমি এ জন্য বাফুফের পক্ষ থেকে জাতির কাছে ক্ষমা চাইছি।’
সাফ ফুটবলে টানা তৃতীয়বারের মতো গ্রুপ পর্বে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। তবে বাফুফে সভাপতি এতে মনে করেন না সবকিছু শেষ হয়ে গেছে, ‘এই টুর্নামেন্টে আমাদের দুটি দল খেলছে। আমি আশা করি, যেকোনো একটা দল ঘুরে দাঁড়াবে। আমরা টার্গেট করেছিলাম ভিশন ২০২২। সাফে অনূর্ধ্ব-১৬-তে চ্যাম্পিয়ন হয়েছি, অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছি, সম্প্রতি অনূর্ধ্ব-১৪ মহিলা দল নেপালে চ্যাম্পিয়ন হয়েছে এএফসির টুর্নামেন্টে। আমরা উঠে আসছি। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল।’

সাফের ব্যর্থতার পর কি আদৌ বাংলাদেশের খেলা দেখতে আসবে দর্শক? এই প্রশ্নেও দারুণ আশাবাদী সালাউদ্দিন, ‘কেন আসবে না মানুষ? ফুটবলারদের পারফরম্যান্সই এই চ্যালেঞ্জটা উতরাতে সাহায্য করবে।’ গত টুর্নামেন্টের খেলাগুলো হয়েছিল সিলেট ও ঢাকায়। তবে এবার সিলেটের বদলে নতুন ভেন্যু যশোরের শামস–উল হুদা স্টেডিয়াম। গ্রুপ পর্বের বাংলাদেশ-শ্রীলঙ্কা উদ্বোধনী ম্যাচটিসহ মোট ৪টি ম্যাচ হবে যশোরে। এরপর গ্রুপ পর্বের আটটি এবং নকআউট পর্বের সব ম্যাচ হবে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সিলেট আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু হওয়াতেই ভেন্যু বদল করতে বাধ্য হয়েছে বাফুফে। সিলেটের দর্শকদের প্রতি সহমর্মিতা জানিয়ে অনুষ্ঠানে আসা আয়োজক কমিটির চেয়ারম্যান এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানালেন, ‘ওদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এবার হয়তো হলো না। তবে ভবিষ্যতে আশা করি আবারও সিলেটে হবে এই টুর্নামেন্ট।’ বঙ্গবন্ধু গোল্ড কাপকে নিয়ে আরও বড় স্বপ্ন দেখেন অর্থমন্ত্রী, ‘আমি আশা করি ২০১৮ সালের মধ্যে এই টুর্নামেন্ট হবে এশিয়ার অন্যতম সেরা টুর্নামেন্ট।’