ক্ষমা চাইলেন সেন্টফিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ের খাদে পড়ে যাওয়া কোনো মানুষের বেঁচে থাকার শেষ আর্তনাদ কিংবা ভূমিকম্পের ধ্বংসস্তূপের মাঝে হাত তুলে বাঁচার জন্য আকুতি। থিম্পুতে ভুটানের সঙ্গে এশিয়ান কাপের প্লে-অফ বাছাইয়ের ম্যাচটি ছিল বাংলাদেশের ফুটবলের জন্য ঠিক এ রকমই। কিন্তু ফুটবলের এমন অগ্নিপরীক্ষার ম্যাচে যেন আত্মাহুতি দিলেন মামুনুলরা। ভুটানের কাছে প্লে-অফ বাছাইয়ের ফিরতি ম্যাচে বাংলাদেশের হারের পর জাতির কাছে ক্ষমা চাইলেন বেলজিয়ান কোচ টম সেন্টফিট।

বাংলাদেশকে এভাবে লজ্জার হার গলায় পরতে হবে—ভাবতে পারেননি সেন্টফিট। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তাই সবার আগে বললেন, ‘আমি এমন হারের জন্য ব্যক্তিগতভাবে লজ্জিত। জাতির কাছে ক্ষমাপ্রার্থী। আমি দুঃখিত।’

সেন্টফিট মনে করেন শুরুতেই গোল খেয়ে যাওয়ায় ভেঙে পড়েছিল দলের মনোবল, ‘এমন প্রতিকূল পরিবেশে টার্ফের মাঠে শুরুতে ২ গোলে পিছিয়ে পড়ে দলের সবাই মানসিকভাবে ভেঙে পড়ে। আসলে কেউই চ্যালেঞ্জটা নিতে পারেনি। ভালো খেলতে পারেনি একজনও।’

২৬ মিনিটে দুটি গোল খাওয়ার জন্য গোলরক্ষক ও রক্ষণভাগকে দুষেছেন তিনি, ‘প্রথম দুটি গোল হয়েছে একদম ছেলেমানুষি ভুলে। রক্ষণভাগ ও গোলরক্ষক কেউই দায় এড়াতে পারে না।’

ভুটানের কাছে এই হারে আগামী তিন বছর ফিফা ও এএফসির কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না বাংলাদেশ। হারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। হতাশ সমর্থকদের স্ট্যাটাসে ফুটে উঠেছে ক্ষোভ-দুঃখ-বেদনা। কেউ লিখেছেন, ‘বাংলাদেশের ফুটবল শুধুই সমর্থকদের ঠকিয়েছে। তলানিতে নেমে গেছে বাংলাদেশের ফুটবল।’ কারোর কথা, ‘এ লজ্জা রাখি কোথায়! এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ফুটবল জাদুঘরে চলে যাবে।’ বাংলাদেশ দলের খেলোয়াড়দের ধুয়ে দিয়েছেন অনেকেই, ‘ওরা (খেলোয়াড়েরা) যেন ভুটান থেকে আর দেশে না ফেরে।’ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি পর্যন্ত উঠে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয়।

সমর্থকদের মতো হতাশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদও। ভুটানের কাছে হারের পর সাবেক স্ট্রাইকার বললেন, ‘এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে আমার। এই দুঃখ ভাষায় প্রকাশ করতে পারছি না। বর্তমান দলকে আসলে কোনো জাতীয় দল বলে মনে হয়নি। একটা দল অন্তত ছয় মাস বা এক বছর একসঙ্গে খেললে তবেই জাতীয় দলে পরিণত হয়। এভাবে এক মাসের অনুশীলনে দল গড়লে ফল তো এমনই হবে।’

হতাশা ঝরেছে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক জুয়েল রানার কণ্ঠেও, ‘ভুটানের সঙ্গে হারব, এটা আমি কখনো কল্পনাই করিনি। আমাদের ফুটবল এখনো এত তলানিতে চলে যায়নি যে ভুটানের সঙ্গে হারব। ফেডারেশনে যাঁরা আছেন তাঁদের ফুটবল নিয়ে ভাবার সময় এসেছে। আবার নতুন করে শুরু করতে হবে সব।’

হতাশ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য এই হারের পর কোনো মন্তব্য করতেই রাজি হলেন না, ‘এ মুহূর্তে আমি এই ম্যাচ নিয়ে কোনো কথা বলতে চাই না।’