ক্ষমা চেয়ে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ-এর প্রতিবেদনটা প্রকাশের পরই বোঝা যাচ্ছিল, বরখাস্ত হতে পারেন স্যাম অ্যালারডাইস। হলোও তাই। গত সোমবার ওই প্রতিবেদন প্রকাশের পরদিন রাতেই ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) প্রধান গ্রেগ ডাইকের সঙ্গে বৈঠকের পর অ্যালারডাইসের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। এফএর পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, দুই পক্ষের সম্মতিতেই সরে দাঁড়িয়েছেন অ্যালারডাইস।

একটা অনুসন্ধানী প্রতিবেদনের অংশ হিসেবে টেলিগ্রাফ-এর একাধিক প্রতিবেদক ব্যবসায়ী সেজে গিয়েছিলেন অ্যালারডাইসের কাছে। গোপন ক্যামেরায় ধারণ করা সেই বৈঠকের ভিডিও এফএর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন অ্যালারডাইস। রাজি হয়েছেন ব্যবসায়ী সেজে আসা ছদ্মবেশী প্রতিবেদকদের ৪ লাখ পাউন্ডের বিনিময়ে অনৈতিক পরামর্শ দিতে। এর জেরেই দায়িত্ব পাওয়ার মাত্র ৬৭ দিনের মাথায় চাকরি হারাতে হলো ‘বিগ স্যাম’কে।

রয় হজসনের জায়গায় গত ২২ জুলাই ইংল্যান্ডের কোচের দায়িত্ব নিয়েছিলেন অ্যালারডাইস। তাঁর অধীনে মাত্র একটাই ম্যাচ খেলেছে ইংল্যান্ড। ৪ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারায় অ্যালারডাইসের দল।

এফএর এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যালারডাইসের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মিডলসবরো ও ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের সাবেক কোচ গ্যারেথ সাউথগেট। ইংল্যান্ডের পরের চারটি ম্যাচে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

আনুষ্ঠানিক বিবৃতিতে এফএর কাছে ক্ষমা চেয়েছেন অ্যালারডাইস। পরে সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এটি ছিল পরিস্থিতি অনুধাবনে আমার ব্যর্থতা। এর খেসারতও দিয়েছি। ফাঁদ পাতা হয়েছিল এবং আমি সেটায় পা দেওয়ায় ওরাই জয়ী হয়েছে। এফএ এবং সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমাও চেয়েছি।’ এএফপি।

তবে ক্ষমা চাইলেও অ্যালারডাইসের এই ভিডিও-কেলেঙ্কারিতে ক্ষুব্ধ সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড, ‘পুরো ফুটবল-বিশ্বই এখন আমাদের নিয়ে হাসাহাসি করবে। ইংলিশ ফুটবল এখন সবার কাছে হাসির খোরাক হয়ে গেল। এটা খুবই হতাশার।’