ক্ষমা চেয়ে মামুনুলদের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ দরজাটা খুলে দেন নিষিদ্ধ চার ফুটবলারের সামনে। সেই অনুযায়ী কাল মামুনুল ইসলাম ও সোহেল রানা বাফুফে সভাপতির কাছে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন। বাকি দুজন জাহিদ ও ইয়াছিন চিঠি দেবেন আজকালের মধ্যে।

সাফ ও বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় দলে বিন্দুমাত্র শৃঙ্খলা ছিল না বলে অভিযোগ ওঠে। খেলোয়াড়েরা দেদার মদ্যপান করেছেন। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে মামুনুল ও জাহিদকে এক বছর এবং বাকি দুজনকে ছয় মাস জাতীয় দলে নিষিদ্ধ করেছিল বাফুফে।

কিন্তু মাস তিনেক না যেতেই বাফুফে একরকম সেধেই নিষেধাজ্ঞা তুলে নিতে চায়। খেলোয়াড়েরা নিজেরা কখনো নিষেধাজ্ঞা প্রত্যাহারের তদবির করেননি। মামুনুল তখন বলেছিলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। এটা ফেডারেশনের ভুল সিদ্ধান্ত। তাহলে আমি ক্ষমা চাইব কেন?’

তবে কাল ক্ষমা চাওয়ার ব্যাপারে বলেছেন, ‘যেহেতু ফেডারেশন একটা সুযোগ দিয়েছে তাই সেই সুযোগ নিলাম। আগে তো অনেক কথা হয়েছে, কিন্তু শাস্তি মাফ হয়নি। আর জাতীয় দলে খেলতে না পারলে কোনো মূল্য নেই। তাই চিঠি দিলাম। দেখি ফিরতে পারি কি না।’

ফেডারেশন সূত্রে জানা গেছে, তাজিকিস্তানের সঙ্গে আগামী মাসের শুরুতে দুটি ম্যাচের জন্য পুরো শক্তির জাতীয় দলই গড়ার উদ্যোগ চলছে। মামুনুলদের ছাড়া সম্প্রতি জর্ডানের কাছে ৮ গোল খেয়ে এসেছে বাংলাদেশ। সেই ভরাডুবি মাথায় রেখেই হঠাৎ মামুনুলদের ফিরিয়ে নেওয়ার এই ‘অতি উৎসাহী’ উদ্যোগ বাফুফের।