ক্ষয়িষ্ণু ব্রাজিল, বর্ধিষ্ণু চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বলে কোপা আমেরিকা আজ শুরু হয়ে গেছে? বাংলাদেশের মানুষের কাছে তো কোপা শুরু হবে আগামীকাল থেকে!
শুনতে খটকা লাগছে? পত্রিকাটা যখন হাতে নিয়েছেন, ততক্ষণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে কলম্বিয়ার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বসূচক টুর্নামেন্ট হয়তো শুরু হয়ে গেছে। হয়েছে ঠিকই, কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ ছাড়া কি আর লাতিন স্বাদটা পাওয়া যায়? আর্জেন্টিনার ম্যাচ আরও দুই দিন পরে, তার আগে বাংলাদেশ সময় কাল সকালে কিছুটা পাবেন সেই স্বাদ— ইকুয়েডরের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল।
টুর্নামেন্টের আটবারের চ্যাম্পিয়ন দলটির জন্য অবশ্য টুর্নামেন্ট শুরুর আগেই সেই স্বাদ কিছুটা তেতো। আগস্টে অনুষ্ঠেয় অলিম্পিকে খেলবেন বলে শতবর্ষী এই কোপায় নেইমারকে পাওয়া যাচ্ছে না, সেটি আগেই জানা ছিল। কিন্তু এরপর থেকে ব্রাজিল দলে শুরু হয়েছে চোটের মিছিল! মাসের শুরুর দিকে রিকার্ডো অলিভিয়েরাকে দিয়ে শুরু। ডগলাস কস্তা ছিটকে গেছেন এক সপ্তাহ আগে, তাঁর বদলে দলে আসা কাকাকেও দুই দিন আগে কেড়ে নিয়েছে চোট। মঙ্গলবার আবার একই সঙ্গে চোটে পড়লেন রাফিনহা ও এডারসন। অধিনায়ক মিরান্ডাও বুধবার অনুশীলন থেকে বেরিয়ে গেছেন খোঁড়াতে খোঁড়াতে। এখানেই শেষ নয়, ব্যক্তিগত সমস্যার কারণে ক্যাম্প ছেড়ে গেছেন মিডফিল্ডার লুইজ গুস্তাভোও।
তারকা খেলোয়াড় নেই, তার ওপর এত চোট, সমস্যা—ব্রাজিল তবু অন্যতম ফেবারিট। সেটি দলটির নাম ব্রাজিল বলেই। ২০০৭ সালের পর টানা দুই টুর্নামেন্টে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় হয়েছে কোয়ার্টার ফাইনালেই। এবার ব্রাজিল পারবে ব্যর্থতা ঝেড়ে ফেলতে? কোচ দুঙ্গাও কি পারবেন বিষম চাপ সামলে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে? ব্রাজিলে যে ‘রানার্সআপ’ শব্দটাও ব্যর্থতার প্রতিশব্দ!
জুনিনহো অবশ্য এই টুর্নামেন্টের সাফল্য দিয়ে দল কিংবা দুঙ্গাকে বিচার করতে রাজি নন। সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডারের চোখ বরং বিস্তৃত এই টুর্নামেন্ট ছাড়িয়ে। অমনিস্পোর্টকে জুনিনহো বলেছেন, ‘দলকে নিয়ে পরিকল্পনাটা ভালোই এগোচ্ছে। দুঙ্গাও ভালো করছে। লক্ষ্যটা পরিষ্কার, ২০১৮ বিশ্বকাপ। তাই যদি শতবর্ষী এই কোপায় হেরেও যাই, আমার মনে হয় দুঙ্গা চালিয়ে যাবে।’
ম্যাচ শুরু হওয়ার পর অবশ্য জুনিনহোর কথা কতটা কাজে আসবে কে জানে! ব্রাজিল আর জয়ের চাপ যে সব সময় হাতে হাত ধরে চলে। গোলডটকম।