ক্ষুধার্ত রোনালদোই ম্যারাডোনার বাজি

প্রথম সুযোগটা পেয়েছিলেন ১২ বছর আগে, কিন্তু কাজে লাগাতে পারেননি। ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স তখন ছিল ১৯। এক যুগ পর এই ৩১ বছর বয়সে এসে দ্বিতীয় সুযোগ পাচ্ছেন সি-আর সেভেন। কে জানে, এটাই হয়তো তাঁর বড় কিছু জেতার শেষ সুযোগ! ফ্রান্সের সঙ্গে ইউরোর ফাইনালে আজ এটাকেই রোনালদোর সবচেযয় বড় অনুপ্রেরণা মনে করছেন ডিয়েগো ম্যারাডোনা।
বড় উপলক্ষ পেলে কীভাবে জ্বলে উঠতে হয়, তা ম্যারাডোনার চেয়ে ভালো খুব কম লোকই জানেন। ফাইনালে জিততে হলে যে বাড়তি কিছু একটার প্রয়োজন হবে, ম্যারাডোনা সেটিই মনে করিয়ে দিলেন, ‘বড় ম্যাচে শুধু কৌশল দিয়ে সব সময় কাজ হয় না। জয়ের তীব্র নেশাই অনেক সময় পার্থক্য গড়ে দেয়।’ এবারের ইউরোতে এখন পর্যন্ত তিন গোল করেছেন রোনালদো, করিয়েছেন তিনটি। প্রথম দুই ম্যাচ শেষে রোনালদোকে নিয়ে যখন তুমুল সমালোচনা, তৃতীয় ম্যাচে করলেন জোড়া গোল। দ্বিতীয় রাউন্ডেও রোনালদোই ছিলেন পর্তুগালের একমাত্র গোলের উৎস। কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের সঙ্গে গোল পাননি, তবে টাইব্রেকারে সুযোগটা হাতছাড়া করেননি। সেমিফাইনালে আবারও জ্বলে উঠলেন, দারুণ এক গোল করার পর করিয়েছেন আরেকটি।
মঞ্চটা তাই এখন রোনালদোর জন্য সাজানোই আছে। বয়স, ফর্ম সব বিচারে আজ তিনি নিজের সবটুকু ঢেলে দেবেন বলেই বিশ্বাস ম্যারাডোনার, ‘ওর বয়স ৩১, আন্তর্জাতিক সাফল্যের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর পাবে বলে মনে হয় না। ও তা কত তীব্রভাবে চায়, আজকের ফাইনালের ভাগ্য অনেকটাই নির্ভর করছে সেটার ওপর।’
রোনালদো যদি ফ্রান্সের জন্য হুমকি হন, পর্তুগালের সবচেয়ে বড় ভয়ের নাম আঁতোয়ান গ্রিজমান। অন্তত ম্যারাডোনা মনে করছেন সেটাই, ‘ফ্রান্স যেমন সি-আর সেভেনকে নিয়ে উদ্বিগ্ন, পর্তুগাল সে রকম এজে-সেভেনকে নিয়ে ভাবছে। গ্রিজমান এর মধ্যেই ছয় গোল করে ফেলেছে। ওর বাঁ পা দারুণ, টাচও দুর্দান্ত।’