ক্ষুধার্তই দেখাচ্ছে জর্ডানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক চ্যালেঞ্জই সামনে। যাতে বাতাসে বল দখলের লড়াইও থাকছে। অনুশীলনে তাই হেডিংয়ে বাড়তি সময় দিল বাংলাদেশ দল। কাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে l শামসুল হক
অনেক চ্যালেঞ্জই সামনে। যাতে বাতাসে বল দখলের লড়াইও থাকছে। অনুশীলনে তাই হেডিংয়ে বাড়তি সময় দিল বাংলাদেশ দল। কাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে l শামসুল হক

কোচ পল পুটের চিৎকার ভেসে আসছে—গো...গো..গো! দুই উইংব্যাক অনবরত উঠে ক্রস করছেন বক্সে। দুই স্ট্রাইকার লাফাচ্ছেন হেড করতে। মাঝখান থেকে বক্সে লোক বাড়ানো হচ্ছে। অনুশীলনেই স্পষ্ট জর্ডানের উদ্দেশ্যটা। বাংলাদেশের বিপক্ষে আগামীকাল বড় ব্যবধানের জয়ই চায় দলটি।

র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে, ফেবারিটও তারাই। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে তাই ফুরফুরে মেজাজেই আছেন জর্ডানের ফুটবলাররা। কাল অনুশীলনে l প্রথম আলো
র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে, ফেবারিটও তারাই। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে তাই ফুরফুরে মেজাজেই আছেন জর্ডানের ফুটবলাররা। কাল অনুশীলনে l প্রথম আলো

আগের ম্যাচে কিরগিজস্তানের সঙ্গে গোলশূন্য ড্র। গ্রুপের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে। এশিয়ার সেরা ১২-তে থাকতে আর পয়েন্ট হারাতে রাজি নয় জর্ডান। শেখ জামাল ধানমন্ডি মাঠে কাল অনুশীলন শেষে সেটিই বলে দিলেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার যুব দলে খেলা দলটির অধিনায়ক থায়ের ফায়েদ আল বাওয়াব। জয়ের ক্ষুধাটা প্রবলভাবেই ফুটিয়ে তুলেছেন অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে—‘৩ পয়েন্ট চাই’, ‘জয় প্রয়োজন আমাদের’, ‘আর পয়েন্ট হারানো হবে আমাদের জন্য বিপজ্জনক’।
কিন্তু বাংলাদেশের আবহাওয়ায় কি একটু সমস্যা হবে না? পাশে বসা মিডিয়া ম্যানেজার বলছিলেন, এখানকার গরম জর্ডানের মতোই। কিন্তু আর্দ্রতা ঢাকায় একটু বেশি। যে কারণে দর দর করে ঘামছিলেন। তবে জর্ডান দলে একমাত্র ইউরোপে খেলা ফুটবলার থায়েরের বিশ্বাস, আবহাওয়া সমস্যা হবে না। ২০০৫ সালে জাতীয় দলে অভিষিক্ত এই স্ট্রাইকার বর্তমানে খেলছেন রোমানিয়ার শীর্ষ লিগে। উরুগুয়ের সঙ্গে প্লে-অফে হেরে গত বিশ্বকাপে যাওয়া হয়নি জর্ডানের, সেই দলের প্রথম একাদশে ছিলেন থায়ের। প্রসঙ্গটা তুলতেই বলছিলেন, অতীতের অতৃপ্তি ঘুচিয়ে সামনে চলাই এখন জর্ডানের লক্ষ্য।
অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ম্যাচটা দেখা হয়নি ওই সময় কিরগিজস্তানের সঙ্গে ম্যাচ থাকায়। তবে কোচিং স্টাফের কাছ থেকে প্রয়োজনীয় ধারণা পেয়ে সেভাবেই নিজেদের তৈরি করছেন বলে জানালেন। তবে প্রতিপক্ষকে সম্মান দেখাতেও কার্পণ্য নেই তাঁর। আগামীকাল বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু ম্যাচটাকে ‘কঠিন ম্যাচ’ বলছেন জর্ডানের ‘নাম্বার টেন’। তবে বাংলাদেশ কোচ-অধিনায়কের ভাবনাটা ভিন্ন। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে তাঁদের লক্ষ্য আসলে বড় হার এড়ানো।
কিন্তু ব্যতিক্রমী কথা বললেন ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভূঁইয়া। ডেনমার্কপ্রবাসী এই ফুটবলার বলছেন, যত বড় দলই হোক তিনি সব সময়ই জয়ের ভাবনা নিয়েই মাঠে নামেন। হারটাকে তাঁর ভীষণ অপছন্দ এবং হারের আগেই হারতে ঘোর আপত্তি। জামালের কথা, ‘আমি জিততে চাই। হারটা একদমই আমার অপছন্দ। সামনে যে দলই হোক, আমাদের পয়েন্ট দরকার।’
চারদিকে যখন অস্ট্রেলিয়া ম্যাচে হারের কাটাছেঁড়া আর জর্ডান ম্যাচ নিয়ে ভয়ের চোরাস্রোত, জামাল সেখানে একটু ব্যতিক্রমই। ইউরোপে বেড়ে উঠেছেন বলেই হয়তো একটু অন্যভাবে ভাবেন সবকিছু। তবে বাস্তবতা বলছে, জর্ডান শুধু কাগজে-কলমেই এগিয়ে নেই, তাদের শরীরী ভাষাটাও আক্রমণাত্মক। খেলোয়াড়দের উচ্চতা ভালো, ফিটনেসও দারুণ। কাল অনুশীলনে গতি আর শক্তির মহড়াই যেন তারা দেখাল। বাংলাদেশ দলকে ওপরে উঠতে না দিয়ে বাংলাদেশের রক্ষণের সামনেই প্রেসিং করতে চায় মনে হলো। সেভাবেই তাদের অনুশীলন চলল লম্বা সময়। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচটা দেখেই নিজেদের এমন পরিকল্পনা সাজিয়ে থাকতে পারে জর্ডান।
সেই পরিকল্পনায় দলটি পাচ্ছে না কুয়েতের লিগে খেলা চোটগ্রস্ত সেরা স্ট্রাইকার আহমেদ হাজেলকে। এবার বিশ্বকাপ বাছাইপর্বে তাজিকিস্তানের সঙ্গে হ্যাটট্রিক করা কাতার লিগের স্ট্রাইকার হাসান আবদেল আসতে পারেননি বাবার অসুস্থতায়। তবু জয় নিয়ে অনেকটাই নির্ভার জর্ডান। জর্ডানের অনুশীলন দেখতে দেখতে বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ বারবারই বলছিলেন, ‘ভেরি স্ট্রং টিম, ভেরি স্ট্রং টিম!’
সেই ‘ভেরি স্ট্রং টিমের’ সামনে ঘরের মাঠে প্রতিরোধ গড়তে পারবে বাংলাদেশ?