ক্ষুব্ধ, হতাশ সেন্টফিট

ভুটানের সংবাদ সম্মেলন শেষ। কোচ পেমা দর্জি চলে গেলেন। কিন্তু টম সেন্টফিটের দেখা নেই। অন্তত মিনিট দশেক পর রাগে ফুঁসতে ফুঁসতে সম্মেলন কক্ষে ঢুকলেন বাংলাদেশের বেলজিয়ান কোচ। মাইক্রোফোন হাতে তুলে প্রথমে একটা কথাই বললেন, ‘আমি ক্ষুব্ধ, হতাশ।’
এমন সহজ সুযোগ পেয়েও যদি স্ট্রাইকাররা গোল করতে না পারেন, তাহলে তো কোচের ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। ভুটানের সঙ্গে কালকের ম্যাচটি জিততে কোচ এতটাই মরিয়া ছিলেন যে শেষ দিকে এসে মিডফিল্ডার তুলে স্ট্রাইকার নামিয়েছিলেন। রনি, জীবনদের ওপর ক্ষুব্ধ হয়ে কোচ বললেন, ‘শেষ দশ মিনিটে অন্তত পাঁচটা গোল হতেই পারত। আমি বুঝি না কেন ওরা এত সহজ সুযোগ পেয়েও গোল করতে পারল না!’
জয়টা নিয়ে ভুটানে যেতে চেয়েছিলেন সেন্টফিট। কিন্তু গোলশূন্য ড্র করে অ্যাওয়ে ম্যাচটি খেলতে হবে বলে হতাশ তিনি, ‘শুধু আমি না, ছেলেরাও হতাশ। তপু তো ডাগআউটে হাউমাউ করে কেঁদেছে। আমি বলেছি, তোমরা “বেঙ্গল টাইগার।” প্রাণ দিয়ে লড়েছ। এই ম্যাচটি জিতে ভুটান যেতে পারলে অনেক নির্ভার থাকতাম। কিন্তু ফুটবলে কখনো কখনো ভাগ্যেরও সহায়তা লাগে।’
বাংলাদেশের ফুটবলে গত কয়েক বছরের আক্ষেপ—গোল করার মতো ফুটবলার নেই দলে। কাল সংবাদ সম্মেলনজুড়ে কোচ বারবার সে কথাই বলে গেলেন, ‘এই দলে শুধু একজন ভালোমানের স্কোরারের অভাব। তবে এখনো এক মাস সময় আছে আমার হাতে। আশা করি, অন্তত একজন স্কোরার খুঁজে বের করব, যে এমন ম্যাচে গোল করতে পারবে।’
তবে কি বাংলাদেশের ফুটবলারদের সামর্থ্যই এটা? কোচ অবশ্য তা মানতে চাইলেন না, ‘এই ম্যাচ দর্শক খুব উপভোগ করেছে। সবাই সমর্থন দিয়েছে। যদি স্কোরলাইন ৫-০ হতো, তাহলে সব ঠিক হয়ে যেত। আর ভুটান যদি ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলত, তাহলেই এদের ফুটবলজ্ঞান নিয়ে প্রশ্ন উঠতে পারত।’
বৃষ্টি-ভেজা মাঠের সুবিধাটা কাজে লাগাতে পারেননি ফুটবলাররা, এ নিয়েও আফসোস সেন্টফিটের, ‘ভুটান টার্ফে খেলে অভ্যস্ত। ভারী মাঠে সবারই খেলা কঠিন। এটা আমাদের সুবিধা করে দিয়েছে। শুরুর ২০ মিনিটে একটা গোল বের করতে পারলেই ম্যাচের চেহারা বদলে যেত। ওরা সহজ সুযোগ নষ্ট করেছে বলে সব দোষ ওদেরই দেব।’
বাংলাদেশের সঙ্গে ড্র করায় খুশি ভুটানের কোচ পেমা দর্জি, ‘এক পয়েন্ট নিয়ে দেশে ফিরছি বলে আনন্দিত। এই ম্যাচে আমাদের ছেলেরা সুযোগ নষ্ট করেছে। তবে বেশি সুযোগ নষ্ট করেছে বাংলাদেশই।’