ক্ষোভ-অভিযোগের সঙ্গে উদ্দীপনাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বাইরের ফুটবল জাগিয়ে তুলতে এমন আয়োজন আগেও দুবার হয়েছে। প্রতিবারই জেলার সংগঠকেরা ঢাকায় এসে তুলে ধরেন তাঁদের নানা ক্ষোভ-অভিযোগ। সেসব আমলে নিয়ে কেন্দ্র থেকে ছড়িয়ে দেওয়া হয় উদ্দীপনার বাণী। জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সঙ্গে বাফুফের জেলা ফুটবল কমিটির কালকের মতবিনিময়ও সেই ধারা বজায় রাখল।

মূল উদ্যোগটা বাফুফের জেলা ফুটবল লিগ কমিটি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদেরের। তাঁর ডাকে উত্তরা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এল ৫৮টি ডিএফএর প্রতিনিধি। ঢাকা–চট্টগ্রাম ডিএফএর কেউ ছিলেন না। অল্প কয়েকজন বাদে বাকি সবাই ডিএফএর সভাপতি।

বরাবরের মতো জেলার সংগঠকদের বক্তব্য হয়ে উঠল বেশ ঝাঁজাল। ২০১৩ সালে লিগ করতে বাফুফে তিন লাখ টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে এক লাখ দিয়েছে। এ নিয়েই ক্ষোভ অনেক সংগঠকের। জেলার ফুটবলে ঠিকমতো নজর না দিয়ে বিদেশি দল এনে প্রীতি ম্যাচ খেলাকেও ভালো চোখে দেখতে চাননি দু-একজন। বাফুফে সভাপতির সঙ্গে নাকি দেখা করা যায় না, এমন অভিযোগও শোনা গেল।

সালাউদ্দিনের হয়ে জবাব দিতে গিয়ে জেলা ফুটবল লিগ কমিটির সদস্য মাহফুজা আক্তার তোপের মুখে পড়ে যান জেলা সংগঠকদের। তবে হইচইয়ের মধ্যে অবস্থা ভালোভাবেই সামাল দিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন খণ্ডালেন প্রতিটি অভিযোগ। হতাশা মেশানো কণ্ঠে বললেন, ‘২০১৩ সালে স্পনসর প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি ছিল সব জেলা লিগ করলে তবেই তারা তিন কোটি টাকা দেবে। সব জেলায় লিগ হয়নি। কাজেই স্পনসরও পুরো টাকা দেয়নি। এখানে ফেডারেশনের কোনো দোষ নেই, সবাই লিগ না করায় উল্টো স্পনসরই চলে গিয়েছে।’ সঙ্গে মনে করিয়ে দিলেন, ‘সবাই লিগ না করলে আগামীতেও একই অবস্থা হবে।’

এরই মধ্যে নতুন স্পনসর পাওয়া গেছে। তবে টাকার অঙ্ক কমেছে অনেক। নতুন পৃষ্ঠপোষক একসময় জাতীয় ফুটবল লিগ পৃষ্ঠপোষণা করে সাড়া ফেলা ফুটবলের পুরোনো সহযাত্রী নিটল-নিলয় গ্রুপ। সব জেলার লিগের পোশাকি নাম তাই ‘শেখ কামাল নিটল-নিলয় ফুটবল লিগ।’ কাল এই আয়োজনেই প্রতিটি ডিএফএকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন নিটল-নিলয়ের পরিচালক মেজর জেনারেল (অব.) আবদুল মতিন।

অবশ্য নগদপ্রাপ্তি হিসেবে গতকালই অনুষ্ঠান শেষে সব ডিএফএকে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা করে অনুদান দিয়েছেন মনজুর কাদের, সঙ্গে ১০টি করে বল। আগামী তিন মাসের মধ্যে সব জেলায় লিগ শেষ করার তাগিদও দিয়েছেন, ‘আশা করি, সবাই উজ্জীবিত হয়ে জেলায় ফুটবল সক্রিয় করবেন।’

উদ্দীপনা সঙ্গী করে জেলায় ফিরে লিগ আয়োজনে উদ্যোগ নেওয়ার কথা বললেন প্রায় সবাই।

অনুষ্ঠানে আসার কথা থাকলেও আসেননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং উপমন্ত্রী আরিফ খান জয়। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করলেন মনজুর কাদের, ‘মন্ত্রী মহোদয়দের কাজ কি শুধু অবকাঠামো তৈরি করা? এই অনুষ্ঠানে না এসে তাঁরা আমাদের অবজ্ঞা করেছেন।’ বিষয়টা প্রধানমন্ত্রীর নজরে নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।

পরে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে যেতে হওয়ায় ফুটবলের অনুষ্ঠানে যেতে পারিনি।’ চেষ্টা করেও উপমন্ত্রী আরিফ খানের বক্তব্য জানা যায়নি।