ক্ষোভে ফুঁসছেন ইনফান্তিনো
খবরটা প্রথম দিয়েছিল একটি জার্মান দৈনিক। ফিফা সভাপতি হিসেবে নাকি বছরে ২০ লাখ সুইস ফ্রাঁ (১৮ লাখ ইউরো) বেতন নিচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো! খবরটি জেনে তো রাগে ফুঁসছেন নতুন ফিফা সভাপতি। প্রতিবাদ তো করেছেনই, দাবি করেছেন—এ রকম উটকো খবর ছাপিয়ে শত্রুরা তাঁকে লোভী প্রমাণ করতে চায়।
সুইস সাময়িকী লা মাতিন দিমাশকেদেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর বেতন নিয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি দাবি করে বলেছেন, ‘আমার শত্রুরা দেখাতে চায় যে আমি লোভী। এটা হাস্যকর ব্যাপার। আমার বেতন নিয়ে এখনো আলোচনা চলছে। বিষয়টা চূড়ান্ত হলে আমিই আপনাদের সব কাগজ দেখাব। তখন দেখবেন, এটা ২০ লাখ সুইস ফ্রাঁর চেয়ে কম।’
দুর্নীতির বেড়াজালে আটকে পড়া ফিফায় স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ফিফা সভাপতি হওয়া ইনফান্তিনো আরও দাবি করেন, ‘আমি জীবনে কোনো জিনিস চুরি করে নিইনি। যা অর্জন করেছি, সবকিছুর জন্য আমি কঠোর পরিশ্রম করেছি।’ এএফপি।