কয়েক দিন ছুটি দরকার চেলসির

চেলসি কোচ টমাস টুখেলছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন আগেই ফিফার বর্ষসেরা কোচ হয়েছেন। কোথায় ফুরফুরে মেজাজে থাকবেন তা না, উদয়াস্ত চিন্তা করতে হচ্ছে দলের বাজে ফর্ম নিয়ে।

যে দলের অর্জনের কারণে বর্ষসেরা কোচ হয়েছিলেন চেলসির টমাস টুখেল, সে দলই মাত্র কয়েক মাসের ব্যবধানে মুদ্রার উল্টো পিঠটাও দেখিয়ে দিচ্ছে তাঁকে।

চেলসির খেলোয়াড়দের মধ্যে সেই স্পৃহা, জয়ক্ষুধা ও সাফল্য অর্জনের আনন্দ মোটেও দেখতে পাচ্ছেন না তিনি।

আর পাবেনই–বা কী করে? প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ ধরে জয়হীন চেলসি। সেই যে গত ২৬ ডিসেম্বর অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতেছিলেন লুকাকুরা, এরপর একে একে পয়েন্ট হারিয়েছেন ব্রাইটন, লিভারপুল আর ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

এক মাসের মধ্যে দ্বিতীয়বার প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে খেলতে নেমেও ফলে কোনো পার্থক্য হলো না। গত রাতে আবারও ব্রাইটনের বিপক্ষে লিগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে গতবারের চ্যাম্পিয়নস লিগজয়ীরা। ২৮ মিনিটে মরোক্কান উইঙ্গার হাকিম জিয়াশের গোলে এগিয়ে গেলেও পরে ব্রাইটনের সেন্টারব্যাক অ্যাডাম ওয়েবস্টারের কারণে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি চেলসি।

ব্রাইটনের বিপক্ষে জিততে পারেনি চেলসি
ছবি: এএফপি

লিগে চেলসির এই বাজে অবস্থার পেছনে ক্লান্তিকেই দুষেছেন টুখেল। তাঁর মতে, লিগের এই পর্যায়ে খেলায় একদমই মন নেই শিষ্যদের। টুখেল মনে করেন, খেলে আনন্দ পাচ্ছেন না লুকাকু-কান্তেরা, ‘এমনকি আমরা যখন গোল করলাম, গোলের উদ্‌যাপনের সময়েও দেখবেন আমরা মানসিকভাবে একটু ক্লান্ত। গোলের স্বস্তি আছে ঠিকই, কিন্তু আনন্দ নেই।’

বিটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে টুখেল আরও বলেছেন, ‘আমরা ক্লান্ত, আপনি লক্ষ করে দেখবেন, আমরা মানসিকভাবে হাঁপিয়ে উঠেছি। কিছুদিন ছুটি লাগবে আমাদের। এ ছাড়া কোনো সমাধান নেই।’

প্রথমার্ধ শেষ হওয়ার পর চেলসির দুই তারকা রোমেলু লুকাকু আর হাকিম জিয়াশকে তর্ক করতে দেখা গিয়েছে। আলোচনা চলছে সেটা নিয়েও। টুখেলের মতে, দল ভালো না খেললে কেউই সন্তুষ্ট থাকবেন না, ‘তারা কথা বলছে, এটাই স্বাভাবিক। তারা যে খুশি নেই, সেটাও স্বাভাবিক।’

চেলসিকে চেপে ধরে পয়েন্ট আদায় করে নেয় ব্রাইটন
ছবি: এএফপি

চেলসিকে একটু চেপে ধরলেই যে পয়েন্ট পাওয়া যাবে, সেটা বুঝেছিলেন ব্রাইটনের গোলদাতা অ্যাডাম ওয়েবস্টার। সেটাই বোঝা গেল তাঁর কথায়, ‘চেলসি এই পর্যায়ে এসে সংগ্রাম করছে একটু, আমরা এটা বুঝতে পেরেছি। আমরা ভেবেছিলাম ম্যাচটা জিতব, কিন্তু শেষমেশ ড্র করতে পেরেও আমরা খুশি।’

আগামী রোববার নিজেদের সাবেক কোচ আন্তোনিও কন্তের টটেনহামের বিপক্ষে খেলতে নামবে চেলসি। সেদিন জয় আসবে তো?